২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে ২৫ শতাংশ অর্থ পরিশোধ

প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে অংশ নেয়া ক্রিকেটারদের ২৫ শতাংশ অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 09:40 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

তবে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) ম্যাচ পাতানো সংক্রান্ত তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এই টাকা পাবেন না চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ক্রিকেটাররা।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করায় ঈদের আগে ২৫ শতাংশ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি।

বিপিএল গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা বলেন, “মঙ্গলবার চেক স্বাক্ষর করা হয়েছে। যারা এদিন চেক নিতে পারেননি তারা বুধবার বিসিবি থেকে নিতে পারবেন।”

“কিন্তু আকসু প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ক্রিকেটাররা বিপিএলের টাকা পাবেন না। বাকিদের টাকা পেতে কোনো সমস্যা নেই।”

নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও দুরন্ত রাজশাহী ক্রিকেটারদের ৫০ শতাংশ করে টাকা দিয়েছে। চট্টগ্রাম কিংসও ৫০ শতাংশ টাকা দেয়ার দাবি করেছে। তবে আফজালুর রহমান জানিয়েছেন, তারা এ সংক্রান্ত কোনো কাগজপত্র জমা দেয়নি।

বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব আইএইচ মল্লিক বলেন, “সব ফ্র্যাঞ্চাইজি এখনো তাদের খেলোয়াড়দের পেমেন্টের হিসাব দিতে পারেনি। পেমেন্টের হিসাব জমা দিতে না পারলে ক্রিকেটাররা ঈদের আগে টাকা পাবেন না। আর হিসাব দিলে তারা ঈদের পর অল্প সময়ের মধ্যে টাকা পেয়ে যাবেন।”

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের তৃতীয় আসর হওয়ার কথা। তার আগেই ক্রিকেটারদের সমস্ত বকেয়া পরিশোধের ব্যাপারে আশাবাদী টুর্নামেন্টের গভার্নিং কাউন্সিল।