জয় দিয়ে সিরিজ শেষ ভারতের
অমিত মিশ্রর ক্যারিয়ার সেরা বোলিংয়ে পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতলো বিশ্ব চ্যাম্পিয়নরা।
শনিবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৫ বলে ১৬৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে চেতেশ্বর পুজারা (০) বিদায় নিলেও শিখর ধাওয়ানের (৪১) সঙ্গে ৫৫ ও রবীন্দ্র জাদেজার সঙ্গে ৭১ রানের দুটি ভালো জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিত করেন অজিঙ্কা রাহানে (৫০)। তার ৬৬ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।
দলীয় ১২৬ রানে রাহানের বিদায়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন জাদেজা (৪৮*) ও দীনেশ কার্তিক (১০*)।
এর আগে ম্যাচ সেরা মিশ্রর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বড় সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের ৫১ ও হ্যামিল্টন মাসাকাদজার ৩২ রানের সুবাদে কোনোমতে দেড়শ পেরোয় তারা।
ম্যাচ সেরা মিশ্র ৪৮ রানে নেন ৬ উইকেট। ২০ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট নিলেন মিশ্র। এর আগে ২০১১ সালের জুনে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
২০০৩ সালে ওয়ানডে অভিষেকের পর এক দশকে মাত্র ২০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মিশ্র। ১১.৬১ গড়ে ১৮ উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ে বড় অবদান তারই।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৩৯ ওভার ৫ বলে ১৬৩ (সিবান্দা ৫, মাসাকাদজা ৩২, টেইলর ০, মারুমা ৪, উইলিয়ামস ৫১, ওয়ালার ৮, চিগুম্বুরা ১৭, মতুমবদজি ৪, মুশাঙ্গবে ১৬, জার্ভিস ১২*, ভিটোরি ৪; মিশ্র ৬/৪৮, উনাদকট ১/৮, মোহিত ১/২৫, সামি ১/২৭, জাদেজা ১/৪২)
ভারত: ৩৪ ওভারে ১৬৭/৩ (পুজারা ০, ধাওয়ান ৪১, রাহানে ৫০, জাদেজা ৪৮*, কার্তিক ১০*; জার্ভিস ২/১৮, ওয়ালার ১/১৮)
ম্যাচ সেরা: অমিত মিশ্র।
