২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের মতো পড়ালেখাতেও ভালো তারা

খেলার পাশাপাশি পড়াশোনায় ভালো করছেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ ৩.৬০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 07:48 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন পেসার আবু হায়দার রনি। গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষে ৯ উইকেট নিয়ে চমকে দেয়া রনি পাশ করেছেন জিপিএ ৫ পেয়ে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে আছেন তিনি।

একই দলে থাকা বিকেএসপির জসিম উদ্দিন জিপিএ ৪.২০ পেয়েছেন। শুক্রবার এক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছিলেন তিনি।

এনামুলের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। জিপিএ ৩.১০ পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনিও।

এইচএসসি পরীক্ষার জন্য গত এপ্রিলে জিম্বাবুয়ে সফরে খেলেননি এনামুল। তার আগে শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরেছিলেন আগেভাগেই। ইংল্যান্ড যাওয়ার আগে শুক্রবার মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভবনে বাংলাদেশ ‘এ’ দলের ফটোসেশন চলাকালে মুখে হাসি থাকলেও পরের দিনের ফল প্রকাশের কথা ভেবে মনে কিছুটা শঙ্কা ছিল এনামুলের।

ভালোভাবেই পাশ করলেও অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক কিন্তু দেশে থেকে ফলাফল জানতে পারেননি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরের জন্য শনিবার সকালেই দেশ ছেড়েছেন তিনি।

এইচএসসির ফল প্রকাশের পর স্ট্যামফোর্ডের ছাত্র তাসকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয় (এনামুল হক) জিপিএ ৩.৬০ পেয়ে পাশ করেছেন। আমার জিপিএ পয়েন্ট ৩.১০।”
“বিপিএলের পর প্রস্তুতির জন্য খুব বেশি সময় ছিল না। প্রস্তুতি খুব একটা ভালো ছিল না। সত্যি কথা বলতে কি প্রত্যাশার চেয়ে ভালো ফলই হয়েছে। বাবা-মাও খুশি।”

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট কোচ আখিনুর রহমান রুশো জানান, অনূর্ধ্ব-২৩ দলের সৌম্য সরকার (৩.১০) ও মহিলা ক্রিকেটার শারমীন আক্তার সুপ্তাও (৩.৯০) ভালোভাবেই পাশ করেছেন।