২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে পেসার হাসানকে

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হবে পেসার আবুল হাসানকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, “আজই নিশ্চিত হয়েছে, মেরুদন্ডের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হবে রাজুকে (আবুল হাসান)। কবে নাগাদ যাবে তা নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর।”

দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেয়া হলেও ক্রিকেটারদের প্রথম পছন্দ অস্ট্রেলিয়াতেই পাঠানো হচ্ছে হাসানকে। এর আগেও পায়ের চোটের জন্য অস্ট্রেলিয়াতেই চিকিৎসা নিয়েছিলেন তিনি।

ডা. দেবাশীষ বলেন, “অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে ১২ সপ্তাহের বেশি সময় লাগবে হাসানের। খেলার জন্য কবে নাগাদ পুরোপুরি ফিট হবেন তা নির্ভর করবে তার পুনর্বাসনের ওপর।”

মেরুদণ্ডের একটি চাকতি সরে যাওয়ায় নার্ভে আঘাত লাগেছে হাসান। তাই গত মার্চে শ্রীলঙ্কা সফরের পর থেকে খেলার বাইরেই আছেন টেস্ট অভিষেকেই ১০ নম্বরে নেমে শতক করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া ২১ বছর বয়সী এই পেসার।