২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ভিভকে না পাওয়ার আক্ষেপ টেন্ডুলকারের

১৯৯২ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে না পেয়ে হতাশ হয়েছিলেন তরুণ শচীন টেন্ডুলকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) দেয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের প্রথম ওই বিশ্বকাপের স্মৃতিচারণা করেন ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।

“ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন ডেসমন্ড হেইন্স, রিচি রিচার্ডসন, ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস। তবে ওয়েস্ট দলে ভিভিয়ান রিচার্ডস না থাকায় আমি খুব হতাশ হয়েছিলাম। তিনি আমার আদর্শ ছিলেন (এখনো আছেন)। তাই তার বিপক্ষে খেলতে না পারাটা ছিল আমার জন্যে দারুণ হতাশার।”

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ স্বাগতিকত্বে ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হবে ওয়ানডে বিশ্বকাপের একাদশ আসর। এ উপলক্ষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) দেয়া এক সাক্ষাৎকার দেয়ার সময় ২১ বছর আগে ফিরে গেলেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। সে বছরও বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে।

দেশের হয়ে গত বিশ্বকাপ জেতা টেন্ডুলকার বলেন, “সিডনিতে দলগুলোর গ্রুপ ছবি তোলার স্মৃতি এখনো মনে গেঁথে আছে। ডার্লিং হারবারে নৈশভোজের পর ছবি তোলা হয়েছিল।”

“একই রুমে বিশ্বের সব সেরা খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোটা দারুণ-অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। ঐ সময় অন্যদের সঙ্গে খুব একটা কথা আমি বলিনি। খুব কাছ থেকে তাদের দেখতে পারাটাই আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। প্রত্যেক দলের খেলোয়াড় তালিকায় চোখ রেখে দেখুন, কত বড় বড় নাম ছিল ওখানে”, যোগ করেন তিনি।   

টেন্ডুলকারের আক্ষেপ একটাই, পাননি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসকে।

ঐ আসরে ৪৭-এর সামান্য বেশি গড়ে ২৮৩ রান করেছিলেন ১৯ বছর বয়সী টেন্ডুলকার।

১৯৮ টেস্টে ৫৩.৮৬ গড়ে ১৫ হাজার ৮৩৭ এবং ৪৬৩ ওয়ানডেতে ৪৪.৮৩ গড়ে ১৮ হাজার ৪২৬ রান করেছেন ৪০ বছর বয়সী টেন্ডুলকার। গত বছরের ডিসেম্বরে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেও টেস্ট খেলে যাচ্ছেন তিনি।