চতুর্থ ওয়ানডেতেও ভারতের জয়
বোলারদের নৈপুণ্যে চতুর্থ ওয়ানডেতেও জিম্বাবুয়েকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নরা তাই ৪-০ ব্যবধানে এগিয়ে।
বৃহস্পতিবার বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৪ বলে ১৪৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৩০ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
৪৭ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানের বিদায়ে বিপদে পড়ে যাওয়া জিম্বাবুয়েকে ষষ্ঠ উইকেটে ম্যালকম ওয়ালার- এল্টন চিগুম্বুরার ৮০ রানের জুটি ভালো সংগ্রহের আশা জোগাচ্ছিল।
কিন্তু ওয়ালার ৩৫ রান করে বিদায় নেয়ার পর ১৪ রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক দল। চিগুম্বুরার ব্যাট থেকে আসে সর্বোচ্চ অপরাজিত ৫০ রান।
২৫ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার লেগস্পিনার অমিত মিশ্র। তবে অভিষেকেই ১০ ওভার বল করে তিনটি মেইডেন সহ মাত্র ২৬ রান দিয়ে দুই উইকেট নেয়া পেসার মোহিত শর্মার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
জবাবে দলীয় ২৩ রানে ওয়ানডেতে আরেক অভিষিক্ত চেতেশ্বর পুজারা (১৩) বিদায় নিলেও রোহিত শর্মার (অপরাজিত ৬৪) সঙ্গে সুরেশ রায়নার (অপরাজিত ৬৫) অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি অতিথিদের সহজ জয় এনে দেয়।
শনিবার একই ভেন্যুতে পঞ্চম ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪২.৪ ওভারে ১৪৪ (সিবান্দা ২৪, রাজা ৭, মাসাকাদজা ১০, টেইলর ০, উইলিয়ামস ০, ওয়ালার ৩৫, চিগুম্বুরা ৫০*, উৎসেইয়া ১, চাতারা ১, ভিটোরি ৮, চিনুয়া ০; মিশ্র ৩/২৫, মোহিত ২/২৬, জাদেজা ২/২৮, উনাদকট ১/২৭, সামি ১/৩৪)
ভারত: ৩০.৫ ওভারে ১৪৫/১ (পুজারা ১৩, রোহিত ৬৪*, রায়না ৬৫*; চাতারা ১/৩১)
ম্যাচ সেরা: মোহিত শর্মা।
