টি-টোয়েন্টিতেও পাকিস্তানের সিরিজ জয়
সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে পাকিস্তানের।
এর আগে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল অতিথিরা।
কিংসটাউনের অ্যারন ভেল মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
অন্য প্রান্ত থেকে সহায়তা না পেলেও আহমেদ শেহজাদের ৪৪ রান পাকিস্তানকে ৩ উইকেটে ৭৮ রানের ভালো সূচনা এনে দেয়।
দলের প্রথম আট ব্যাটসম্যানের পাঁচ জনই দুই অঙ্কের ঘরে পৌছাতে না পারলেও পাকিস্তানকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব উমর আকমলের (অপরাজিত ৪৬)। ম্যাচ সেরা আকমলের ৩৬ বলের ইনিংসে আছে ৩টি চার ও ১টি ছক্কা।
২৬ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার অফস্পিনার সুনীল নারায়ণ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ওভারে মাত্র ১৭ রান তুলতেই সাজঘরের পথ ধরেন প্রথম চার ব্যাটসম্যান।
কাইরন পোলার্ড ও ড্যারেন স্যামির আগে সুনীলকে নামিয়ে একটা ঝুঁকি নিয়েছিল স্বাগতিকরা। ১৬ বলে ২৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আস্থার প্রতিদানও দিয়েছিলেন তিনি।
তার বিদায়ের পর দারুণ একটা চেষ্টা করেছিলেন ডোয়াইন ব্রাভো (৪৪ বলে ৩৫) ও পোলার্ড (১০ বলে ২৩) কিন্তু শেষ রক্ষা হয়নি।
পাকিস্তানের পক্ষে সোহেল তানভীর, সাঈদ আজমল ও সিরিজ সেরা জুলফিকার বাবর দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৩৫/৭ (শেহজাদ ৪৪, হাফিজ ১০, আমিন ৭, সোহেল ১, আকমল ৪৬*, আফ্রিদি ৬, আজম ১, তানভীর ০, বাবর ১১*; সুনীল ৩/২৬, বদ্রি ২/১৬, পোলার্ড ১/১৬, স্যামি ১/২০)
ওয়েস্ট ইন্ডিজ: ১২৪/৯ (চার্লস ০, গেইল ১, স্যামুয়েলস ১, সিমন্স ৩, ব্রাভো ৩৫, সুনীল ২৮, পোলার্ড ২৩, স্যামি ১, বার্নওয়েল ১০, বেস্ট ১৭*, বদি ১*; তানভীর ২/২০, আজমল ২/২১, বাবর ২/৩৭, আফ্রিদি ১/২৯, হাফিজ ১/৯)
ম্যাচ সেরা: উমর আকমল।
সিরিজ সেরা: জুলফিকার বাবর।
