আম্পায়ারের কাজ কঠিন করেছে প্রযুক্তি
ক্রিকেটের মাঠে প্রযুক্তির ব্যবহার আম্পায়ারের কাজটি আরও কঠিন করে তুলছে বলে মনে করেন আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টাফেল।
অস্ট্রেলিয়ার এই শ্রদ্ধেয় আম্পায়ারের মতে, প্রযুক্তি কাজ করছে 'দুধারী তলোয়ারের' মতো যার কারণে চাপে পড়ছে খেলোয়াড় আর আম্পায়ার উভয়ই।
লর্ডসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট ভাষণ দেয়ার সময় অস্ট্রেলিয়ান এই আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস ব্যবহারের উপকারিতা নিয়ে আলোচনা করেন। অ্যাশেজের প্রথম টেস্টে এ প্রযুক্তির ব্যবহার নিয়ে বেশ সমালোচনায় পড়েছিলেন আম্পায়াররা।
তবে টাফেল মনে করেন, যে প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন সিদ্ধান্ত কখনোই শতভাগ সঠিক হবে না।
২০ বছর পূর্বের তুলনায় বর্তমানে আম্পায়াররা এখন বেশি চাপের মুখে আছেন বলে মনে করেন টাফেল।
তিনি বলেন, ২২ বছর আগে যখন তিনি আম্পায়ারিং শুরু করেছিলেন, তখনকার চেয়ে আজকের ক্রিকেটে সিদ্ধান্ত নেয়াটা কঠিন। কারণ মাঠে বসে জায়ান্ট স্ক্রিনে কিংবা টিভির পর্দায় যারা খেলা দেখেন তারা আম্পায়ারদের প্রতিটি সিদ্ধান্ত খুটিয়ে দেখতে পারে।
“স্লো মোশন, আল্ট্রা মোশন, হট স্পট ফ্রন্ট অন, হট স্পট লেগ-সাইড, হট স্পট অফ-সাইড, বল ট্র্যাকিং, স্নিকো, স্টাম্প অডিওসহ বিভিন্ন প্রযুক্তি কাজে লাগিয়ে আম্পায়ারের প্রতিটি সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ করা হয়। ফলে যারা টিভিতে খেলা দেখেন সবাই আম্পায়ার বনে যান।”
প্রযুক্তির এত ব্যবহার 'দুধারী তলোয়ারের' মতো কাজ করে উল্লেখ করেন টাফেল বলেন, এটা খেলোয়াড় আর আম্পায়ার দুজনের উপরই চাপ ফেলে। মাঠের খুব সামান্যই এখন ক্যামেরা আর মাইক্রোফোন বা অন্য কোনো প্রযুক্তির আওতার বাইরে থাকে। খেলার সবচেয়ে ভালোটা যেমন এটা বের করে আনতে পারে, তেমনি দেখাতে পারে সবচেয়ে খারাপটাও।
১৯৯৯ সালের ১৩ জানুয়ারি, আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় টাফেলের। এরপর ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসর নেয়ার আগ পর্যন্ত সর্বমোট ৭৪ টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন টাফেল।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার দেওয়ার প্রথা চালুর পর প্রথম পাঁচ বছর (২০০৪- ২০০৮) টানা তা অর্জন করেন টাফেল।
বর্তমানে আইসিসির আম্পায়ারদের পারফরম্যান্স ও অনুশীলন ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন টাফেল।
