ওয়ানডে সিরিজ পাকিস্তানের
সেন্ট লুসিয়ায় বুধবার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল অতিথিরা।
গ্রস আইলেটে বশেজো স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৯ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে নাসির জামশেদের (২৩) সঙ্গে ৫১ ও অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে আহমেদ শেহজাদের (৬৪) ৫৯ রানের দুটি ভালো জুটি অতিথিদের ২ উইকেটে ১২৩ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।
পরে হারিস সোহেলের (১৭) সঙ্গে ৩৭ ও উমর আকমলের সঙ্গে ৬৬ রানের দুটি জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে আসেন ম্যাচ সেরা মিসবাহ (৬৩)।
সিরিজে চারটি অর্ধশতকসহ ৬৫ গড়ে ২৬০ রান করেন পাকিস্তানের অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টিনো বেস্ট ৩ উইকেট নেন ৪৮ রানে।
এর আগে ডেভন স্মিখ (৭) ও ড্যারেন ব্রাভো (৯) দ্রুত বিদায় নিলেও জনসন চার্লসের (৪৩) সঙ্গে মারলন স্যামুয়েলসের (৪৫) ৫৪ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে ৯৮ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।
বিশের ঘরে গিয়ে ক্রিস গেইল (২১) ও লেন্ডল সিমন্সের (২৫) বিদায় স্বাগতিকদের অস্বস্তিতে ফেলে দেয়। তবে ২৭ বলে অধিনায়ক ডোয়াইন ব্রাভোর ৪৮ ও ১৮ বলে সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির অপরাজিত ২৯ রান ওয়েস্ট ইন্ডিজকে আড়াইশ'র কাছাকাছি নিয়ে যায়।
৪৮ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার জুনায়েদ খান। মোহাম্মদ ইরফান ও সাঈদ আজমল নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৪২/৭ (চার্লস ৪৩, স্মিথ ৭, ড্যারেন ব্রাভো ৯, স্যামুয়েলস ৪৫, গেইল ২১, সিমন্স ২৫, ডোয়াইন ব্রাভো ৪৮, স্যামি ২৯*, সুনীল ০*; জুনায়েদ ৩/৪৮, ইরফান ২/৩৪, আজমল ২/৫৭)
পাকিস্তান: ৪৯ ওভার ৫ বলে ২৪৩/৬ (জামশেদ ২৩, শেহজাদ ৬৪, হাফিজ ১১, মিসবাহ ৬৩, সোহেল ১৭, আকমল ৩৭, আফ্রিদি ১৩*, আজমল ১*; বেস্ট ৩/৪৮, স্যামি ১/৩৫, হোল্ডার ১/৪৭)
ম্যাচ ও সিরিজ সেরা: মিসবাহ-উল-হক।
