কোহলির শতকে ভারতের সহজ জয়
মহেন্দ্র সিং ধোনি বিশ্রামে। তবে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া বিরাট কোহলির শতক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছে ভারতকে। পাঁচ ম্যাচের সিরিজে অতিথিরা তাই ১-০ ব্যবধানে এগিয়ে।
মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২২৮ রান করে জিম্বাবুয়ে।
ভুসিমুজি সিবান্দার (৩৪) সঙ্গে সিকান্দার রাজা ৭২ রানের উদ্বোধনী জুটি গড়লেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা।
চতুর্থ ওয়ানডে খেলতে নামা রাজার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮২ রান। ১১২ বলের ইনিংসে ৬টি চার ও দুটি ছক্কা। শেষ দিকে এল্টন চিগুম্বুরার ৩৪ বলে অপরাজিত ৪৩ রানের আক্রমণাত্মক ইনিংসের সুবাদে সোয়া দু শ’ পেরোয় জিম্বাবুইয়ানরা।
৪৩ রানে ৩ উইকেট নিয়ে লেগস্পিনার অমিত মিশ্র ভারতের সেরা বোলার।
জবাবে দলীয় ২৬ রানে শিখর ধাওয়ান (১৭) ও ৫৭ রানে রোহিত শর্মা (২০) বিদায় নিলেও কোহলির পঞ্চদশ শতক ৩১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় ভারতকে।
তৃতীয় উইকেটে অভিষিক্ত আম্বাতি রাইডুর (৬৩*) সঙ্গে কোহলির ১৭১ বলে ১৫৯ রানের জুটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের সহজ জয়ের ভিত রচিত।
ম্যাচের সেরা খেলোয়াড় কোহলির ১০৮ বল স্থায়ী ১১৫ রানের চমৎকার ইনিংসটি ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো।
শুক্রবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২২৮/৭ (সিবান্দা ৩৪, রাজা ৮২, উইলিয়ামস ১৫, মাসাকাদজা ১১, টেইলর ১২, ওয়ালার ২, চিগুম্বুরা ৪৩*, মুতোমবোদজি ৮, উৎসেইয়া ৮*; মিশ্র ৩/৪৩, রায়না ১/২, উনাদকাট ১/৩৯, সামি ১/৪৫, বিনয় কুমার ১/৫৭)
ভারত: ৪৪.৫ ওভারে ২৩০/৪ (রোহিত ২০, ধাওয়ান ১৭, কোহলি ১১৫, রাইডু ৬৩*, রায়না ০, কার্তিক ৮*; উৎসেইয়া ২/৩৪, চিগুম্বুরা ১/৩০, জার্ভিস ১/৪০)
ম্যাচ সেরা: বিরাট কোহলি।
