২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান

বৃষ্টি বিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 08:25 AM

Updated : 25 Apr 2022, 07:01 PM

বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৯ ওভারে।

গ্রস আইলেটের বশেজো স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে পাকিস্তান ইনিংসের ১৭ ওভার শেষে বৃষ্টি নামলে অতিথিদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩১ ওভারে ১৮৯ রান। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টি নামার আগে ৬৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। বৃষ্টির পর খেলা শুরু হলে লক্ষ্য দাঁড়ায় ৮৪ বলে ১২১ রান।

মোহাম্মদ হাফিজের সঙ্গে অধিনায়ক মিসবাহ-উল-হকের ৫৫ বলে ৭২ রানের জুটি রান-বলের সমীকরণ পাকিস্তানের পক্ষে নিয়ে আসে। ১২ রানের ব্যবধানে হাফিজ (৬২ বলে ৫৯) ও শহীদ আফ্রিদির (৭ বলে ৭) বিদায় স্বাগতিকদের উজ্জীবিত করে তুলে।

তবে ২৮ বলে উমর আকমলের (১৮ বলে ২৯*) সঙ্গে মিসবাহর (৪৩ বলে ৫৩*) ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি ১ ওভার হাতে রেখেই দলকে জয় এনে দেয়।

চলতি সিরিজে শতক নেই এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ড গড়া পাকিস্তানের অধিনায়ক মিসবাহ আরেকটি রেকর্ড গড়েছেন। স্বদেশের ওযাসিম আকরামকে (৩৭১৭) পেছনে ফেলে শতকবিহীন ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ রান এখন মিসবাহর (৩৭৫৬)।

এর আগে ৬৩ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামা ক্রিস গেইলের (৩০) সঙ্গে ৫৭ ও লেন্ডল সিমন্সের (৪৬) সঙ্গে ৯৫ রানের দুটি ভালো জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন ম্যাচ সেরা মারলন স্যামুয়েলস।

পঞ্চম শতক পৌঁছানো স্যামুয়েলসের কৃতিত্বে আড়াইশ পেরুয় ওয়েস্ট ইন্ডিজ। ৪৯তম ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে স্যামুয়েলসকে স্ট্রাইক দেন অধিনায়ক ডোয়াইন ব্রাভো। পরের বলে দুই রান তুলে শতকে পৌঁছান তিনি। আর শেষ বলে হাঁকান এক বিশাল ছক্কা।

১০৬ রানে অপরাজিত স্যামুয়েলসের ১০৪ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা।

বুধবার একই ভেন্যুতে পঞ্চম ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৬১/৭ (স্মিথ ৮, চার্লস ৩২, ড্যারেন ব্রাভো ৯, স্যামুয়েলস ১০৬*, গেইল ৩০, সিমন্স ৪৬, স্যামি ৭, ডোয়াইন ব্রাভো ৬, রোচ ০*; ইরফান ২/৬০, জুনায়েদ ১/৩৯, আফ্রিদি ১/৪১, ওয়াহাব ১/৪২, আজমল ১/৪৩)    

পাকিস্তান: ৩০ ওভারে ১৮৯/৪ (জামশেদ ২২, শেহজাদ ১৪, হাফিজ ৫৯, মিসবাহ ৫৩*. আফ্রিদি ৭, আকমল ২৯*; রোচ ১/৩৩, হোল্ডার ১/৪১, ডোয়াইন ব্রাভো ১/৪৯)

ম্যাচ সেরা: মারলন স্যামুয়েলস।