২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতিতে বাধা বৃষ্টির

বৃষ্টির বাধায় বিসিবি একাদশ ও অনূর্ধ্ব-২৩ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি পণ্ড হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 04:47 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

প্রস্তুতি ম্যাচে মুশফিকের দলের হার

বৃষ্টির কারণে শুক্রবার খেলাই হয়নি। শনিবারও বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মার্শাল আইয়ুবের ৬০, মাহমুদুল্লাহ রিয়াদের ৫৯ ও মেহরাব হোসেনের ৩১ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৩৫ রান করে বিসিবি একাদশ।

অনূর্ধ্ব-২৩ দলের পক্ষে কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য সরকার তিনটি করে উইকেট নেন।

জবাবে অনূর্ধ্ব-২৩ দল ৪ বলের বেশি খেলতে পারেনি। বৃষ্টি আসায় ম্যাচেরও সেখানেই সমাপ্তি।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার পর প্রধান নির্বাচক আকরাম খান সাংবাদিকদের বলেন, “সামনে আমাদের দুটি গুরুত্বপূর্ণ সফর রয়েছে। ক্রিকেটাররা অনেক দিন খেলার বাইরে থাকায় প্রস্তুতি ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। ম্যাচগুলো বৃষ্টির বাধায় পড়ায় আমরা হতাশ।”

অগাস্টে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। একই সমযে সিঙ্গাপুরে ৮ দেশের ইমার্জিং কাপ খেলতে যাবে অনূর্ধ্ব-২৩ দল।

“দুই দলের প্রতিপক্ষ বেশ শক্তিশালী, উঁচু মানের খেলা হবে। প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও আশাকরি ওরা ভালো খেলবে,” যোগ করেন আকরাম।

প্রধান নির্বাচক বলেন, “আজকেই (শনিবার) দল গঠন করে ফেলবো। আনুষ্ঠানিকভাবে দুয়েক দিন পর দল ঘোষণা করা হতে পারে।”

শনিবারই অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পের শেষ দিন।