২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে মুশফিকের দলের হার

লিটন দাসের শতকে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ৩ উইকেটে হারিয়েছে অনূর্ধ্ব-২৩ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:26 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে অলআউট হওয়ার আগে ২৪৮ রান করে বিসিবি একাদশ। জবাবে ৪৬ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অনূর্ধ্ব-২৩ দল।

লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ রানে চার উইকেট হারিয়ে অনূর্ধ্ব-২৩ দলের শুরুটা ভালো হয়নি। পঞ্চম উইকেটে সাব্বির রহমানের (৫৫ বলে ৫৬) সঙ্গে লিটনের ১০৮ রানের জুটি দলকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।

নুরুল হাসানের সঙ্গে ৫১ রানের আরেকটি ভালো জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন লিটন। শতকে পৌঁছানোর পর লিটন বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন হাসান (৩৩*)।

১১০ রান করা লিটনের ১০৯ বলের ইনিংসে ছিল ১৬টি চার।

৩৯ রানে ৩ উইকেট নিয়ে বিসিবি একাদশের সেরা বোলার সাজেদুল ইসলাম। এছাড়া সোহাগ গাজী ও রুবেল হোসেন দুটি করে উইকেট নেন।

এর আগে মুশফিকুর রহিম (৬০), রকিবুল হাসান (৩৫) ও এনামুল হক (২৫) বিসিবি একাদশকে ২ উইকেটে ১২০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান। এরপর ৬৩ রান যোগ করতে আরো ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে দলটি।

সপ্তম উইকেটে নাঈম ইসলামের (২৭) সঙ্গে জিয়াউর রহমানের (৩২) ৫৬ রানের জুটি লড়াইয়ের পুঁজি গড়ে দেয়ার স্বপ্ন দেখায়। কিন্তু ৯ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারানোয় আর সংগ্রহ খুব একটা বড় হয়নি তাদের।

অনূর্ধ্ব-২৩ দলের পক্ষে তাইজুল ইসলাম, সৌম্য সরকার ও আলউদ্দিন বাবু দুটি করে উইকেট নেন।