মরকেলকে নিয়ে সংশয়ে দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফাস্ট বোলার মর্নে মরকেলকে পাওয়া নিয়ে সংশয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে।
গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে দলের প্রথম ম্যাচে বল করার সময় চোট পান মরকেল। এরপর আর কোনো ম্যাচে খেলতে পারেননি তিনি।
তবে সুস্থ হয়ে শ্রীলঙ্কা সফরের দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু বুধবার শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট একাদশের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে তিন ওভার বল করার পর আবার সমস্যা অনুভূত হয় মরকেলের। তাই শনিবার তাকে নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা।
নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে এটাই দক্ষিণ আফ্রিকা দলের প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
