শিষ্যদের ফ্লাওয়ারের সতর্কবাণী
ট্রেন্ট ব্রিজ টেস্টে ১৪ রানে জিতে ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার খুশি। তবে আরো একবার শিষ্যদের সতর্ক করে তিনি জানিয়েছেন, এবারের অ্যাশেজ তাদের জন্য সহজ হবে না।
তিনি বলেন, “আমরা কখনো এক মুহূর্তের জন্যও ভাবিনি যে প্রথম টেস্ট বা এই সিরিজ অনায়াসে জিততে পারবো। আমরা এই সিরিজের ফলাফল নিয়ে গণমাধ্যমের হাস্যকর ভবিষ্যদ্বাণীর কথা জানি। কিন্তু আমাদের ভালো মতোই জানা আছে যে লড়াইটা কতটা কঠিন হবে।”
“(প্রথম টেস্টের ফলাফলই) এক্ষেত্রে ভালো উদাহরণ হতে পারে। এবং আমি নিশ্চিত, সিরিজের বাকি ম্যাচগুলোতেও কঠিন লড়াই হবে।”
ট্রেন্ট ব্রিজ জয়ের দুই নায়ক জেমস অ্যান্ডারসন ও ইয়ান বেলের প্রশংসা করতে অবশ্য ভোলেননি জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ফ্লাওয়ার। তিনি বলেন, “জিমি অ্যান্ডারসন আবারো তার দক্ষতার প্রমাণ রেখেছে, জাতও চিনিয়েছে। ইয়ান বেলও অবশ্যই তার দক্ষতার পরিচয় রেখেছে। তবে যেভাবে সে দৃঢ়তা ও সাহসের সঙ্গে ব্যাট করেছে সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
