ডিআরএসে কুকের কাছে ক্লার্কের হার
অ্যাশেজের প্রথম টেস্টে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) কৌশলী ব্যবহারে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন অস্ট্রেলিয়ার অধিনায় মাইকেল ক্লার্ক। বলেছেন, তথ্যপ্রযুক্তির এই সহায়তা নিতে ইংল্যান্ড অনেক কৌশলী ছিল সফরকারীদের চেয়ে।
রোববার প্রথম টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়াকে ১৪ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ট্রেন্ট ব্রিজে টান টান উত্তেজনার এই টেস্টের শেষটাও হয় ডিআরএস দিয়ে। অস্ট্রেলিয়াকে জয়ের আশা দেখানো ব্র্যাড হাডিনকে আলিম দার নট আউট ঘোষণা করলে এ প্রযুক্তির সহায়তা নিয়ে সিদ্ধান্ত বদলাতে সক্ষম হন ইংল্যান্ডের ক্যাপ্টেন কুক। কারণ তার পকেটে তখনও ছিল আরও কমপক্ষে দু'বার আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা।
অন্যদিকে যখন বেশি প্রয়োজন তখনই ডিআরএস ব্যবহার করতে পারেননি ক্লার্ক। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্লিপে ধরা পড়ার পরও যখন আম্পায়ার আলিম দার ব্রডকে আউট দেননি, তখন অসহায়ভাবে মাথা নাড়া ছাড়া কিছুই করার ছিল না ক্লার্কের। কারণ তার আগেই যে অবিবেচকের মতো ডিআরএস ব্যবহার করে কোটা শেষ করে ফেলেছিলেন তিনি।
চতুর্থ ইনিংসে ৩১১ রান তাড়া করার সময়ও কিন্তু অস্ট্রেলিয়া অসফল আবেদন করে দুটো ডিআরএস শেষ করে ফেলেছিল। প্রথমে শেন ওয়াটসন রান আউটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে। দ্বিতীয়টি ক্লার্ক নিজেই শেষ করেছেন কট বিহাইন্ডের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করে।
ম্যাচ শেষে অ্যালেস্টার কুক তাই বলতেই পারেন, ডিআরএস ব্যবহার করাটাও আসলে একটা দক্ষতা।
আর এ নিয়ে জিজ্ঞাসা করা হলে হতাশাই ঝড়লো ক্লার্কের কষ্ঠে, "আমি আমার ডিআরএস ব্যবহার করা নিয়ে খুশি নই, কারণ আমরা বেশিরভাগই ঠিকমতো ব্যবহার করতে পারিনি।"
"ইংল্যান্ড এটা আমার চেয়ে ভালোভাবে ব্যবহার করেছে। আমাকে এ নিয়ে কাজ করে যেতে হবে", উপলব্ধি অস্ট্রেলিয়া অধিনায়কের।
অস্ট্রেলিয়ার ক্রিকেট পণ্ডিত রবার্ট ক্রাডকও মনে করেন মাইকেল ক্লার্ক রিভিউ সিস্টেম ব্যবহার করাটা ঠিকমতো আয়ত্ত করতে পারেননি।
"মাইকেল ক্লার্ক একজন আবেগী মানুষ। আমি মনে করি অস্ট্রেলিয়ার এখনকার চেয়ে আরও বেশি হিসাব-নিকাশ (ডিআরএস নিয়ে) করতে হবে।"
