ইংল্যান্ডের নাটকীয় জয়
জয় দিয়ে অ্যাশেজ ধরে রাখার লড়াই শুরু করেছে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে রোববার প্রথম টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়াকে ১৪ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
১৮ জুলাই থেকে লর্ডসে দ্বিতীয় টেস্ট।
জয়ের জন্য শেষ দিন অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৩৭ রান আর ইংল্যান্ডের চার উইকেট। ৬ উইকেটে ১৭৪ রান নিয়ে খেলা শুরু করে ২৯৬ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।
দিনের শুরুটা ভালোই হয়েছিল অতিথিদের। তবে দ্বিতীয় নতুন বলে পেরে উঠেননি তারা।
প্রথম ইনিংসে ৯৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা অভিষিক্ত অ্যাশটন অ্যাগার দ্বিতীয় ইনিংসে পুরানো বল ঠিক ঠাক সামাল দিয়ে অতিথিরা স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে দ্বিতীয় নতুন বলে তাকে অ্যালিস্টার কুকের ক্যাচে পরিণত করে ২৪ ওভার ৪ বল স্থায়ী সপ্তম উইকেট জুটি ভাঙ্গেন জেমস অ্যান্ডারসন।
অন্য প্রান্তে ব্র্যাড হ্যাডিন অবিচল থাকলেও মিচেল স্টার্ক (১) ও পিটার সিডলকে (১১) কুকের ক্যাচে পরিণত করে অস্ট্রেলিয়াকে ভীষণ বিপদে ফেলে দেন অ্যান্ডারসন।
২৩১ রানে নবম ব্যাটসম্যান হিসেবে সিডলের বিদায়ের পর সহজ জয়ের স্বপ্নই দেখছিল স্বাগতিকরা। কিন্তু সে জয় সহজে আসেনি। এগারো নম্বর ব্যাটসম্যান জেমস প্যাটিনসনের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেন হ্যাডিন।
উইকেটে আশায় মধ্যাহ্ন-বিরতি আধ ঘন্টা পিছিয়ে দিয়েও কোনো লাভ হয়নি। ৬৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হ্যাডিন-প্যাটিনসন। মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় জয় থেকে মাত্র ২০ রান দূরে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় সেশনে আর পেরে উঠেনি অস্ট্রেলিয়া। হ্যাডিনকে (৭১) ম্যাট প্রায়রের ক্যাচে পরিণত করে দলকে স্বস্তির জয় এনে দেন অ্যান্ডারসন।
প্রথম ইনিংসে ৮৫ রানে ৫ উইকেট নেয়া অ্যান্ডারসন (৫/৭৩) দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের সেরা বোলার। ৮৩ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে দুবার দশ উইকেট নিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২১৫ (ট্রট ৪৮, বেয়ারস্টো ৩৭; সিডল ৫/৫০) ও ৩৭৫ (কুক ৫০, রুট ৫, ট্রট ০, পিটারসেন ৬৪, বেল ১০৯, বেয়ারস্টো ১৫, প্রায়র ৩১, ব্রড ৬৫, সোয়ান ৯, ফিন ২*, অ্যান্ডারসন ০; স্টার্ক ৩/৮১, সিডল ৩/৮৫, অ্যাগার ২/৮২, প্যাটিনসন ২/১০১)
অস্ট্রেলিয়া: ২৮০ (অ্যাগার ৯৮, হিউজ ৮১*, স্মিথ ৫৩; অ্যান্ডারসন ৫/৮৫) ও ২৯৬ (ওয়াটসন ৪৬, রজার্স ৫২, কাওয়ান ১৪, ক্লার্ক ২৩, স্মিথ ১৭, হিউজ ০, হ্যাডিন ৭১, অ্যাগার ১৪, স্টার্ক ১, সিডল ১১, প্যাটিনসন ২৫*; অ্যান্ডারসন ৫/৭৩ ব্রড ২/৫৪, সোয়ান ২/১০৫, রুট ১/৬)
