ফাইনালে খেলতে পারেন ধোনি
মাঝের একটি দিনের পর আবার মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। বৃহস্পতিবার শিরোপা-নির্ধারণী লড়াইয়ে ভারত ফিরে পেতে পারে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
গত ৩০ জুন কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে ডান পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ে ধোনির। পর দিন ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়, বাকি টুর্নামেন্টে তিনি আর খেলতে পারবেন না। বদলি হিসাবে দেশ থেকে নিয়ে আসা হয় ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান আম্বাতি রাইডুকে।
ভারতের সফলতম অধিনায়ক অবশ্য দেশে ফিরে যাননি, দলের সঙ্গেই ছিলেন ক্যারিবিয়ানে। তার অনুপ্রেরণাতেই প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনারে চলে যাওয়া ভারত পরের দুই ম্যাচ জিতে এখন শিরোপার দ্বারপ্রান্তে। ফাইনালে ধোনি খেললে তাদের মনোবল আরো বাড়বেই।
তবে তার আগে ফিটনেস টেস্টে উৎরাতে হবে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
