বিপিএলের পাওনা আদায়ে জটিলতা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বকেয়া আদায়ে ব্যর্থ গভার্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে পাওনা আদায়ে এবার মাঠে নামছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
বকেয়া টাকা পরিশোধে বিপিএল গভার্নিং কাউন্সিল অনেকবার তাগাদা দিলেও তা গ্রাহ্য করেনি ৭টি ফ্র্যাঞ্চাইজি ও টুর্নামেন্ট আয়োজনে বিসিবির সহযোগী প্রতিষ্ঠান গেমঅন স্পোর্টস ম্যানেজমেন্ট।
কয়েক দিন আগে ফ্রাঞ্চাইজিগুলোকে চুক্তি বাতিলের চরমপত্র (চুক্তি বাতিলের লিগ্যাল নোটিস) পাঠায় গভার্নিং কাউন্সিল। তাতেও সাড়া না মেলায় এবার উদ্যোগী হয়েছেন বিসিবি সভাপতি। যত দ্রুত সম্ভব ফ্র্যাঞ্চাইজিগুলো ও গেমঅনের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দ্বিতীয় বিপিএলে অংশ নেয়া ৭টি দলের কাছে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ বিসিবির পাওনা প্রায় ৪৮ কোটি টাকা। এর মধ্যে নবাগত রংপুর রাইডার্সই শুধু ৮০ লাখ টাকা পরিশোধ করেছে।
ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়েও যথারীতি টালবাহানা চলছে। বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি ২৫ শতাংশের বেশি অর্থ পরিশোধ করেনি।
এ ব্যাপারে বিপিএল গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা বলেন, “আমরা এর আগেও লিখিতভাবে কয়েকবার ফ্র্যাঞ্চাইজিগুলোকে টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছি। এরপর উকিল নোটিস পাঠিয়েছি, এমনকি চুক্তি বাতিলের চিঠিও দেয়া হয়েছে।”
“বোর্ড সভাপতি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাইছেন। কয়েক দিনের মধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। আলোচনা ফলপ্রসু না হলে চুক্তি বাতিলে বাধ্য হবো আমরা।”
গেমঅনের কাছে বিসিবির পাওনা ১৯ কোটি টাকা। পাওনা পরিশোধের জন্য ২০ মে প্রথম ও ২৬ মে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়া হলেও সামান্য কিছু অংশ হাতে পেয়েছে বিসিবি। এ প্রসঙ্গে আফজালুর রহমান বলেন, “৭টি দলের সঙ্গে আলোচনায় গেমঅনের প্রতিনিধিও থাকবেন। তখনই এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”
