অ্যাশেজ বাংলাদেশ টেস্টের মতোই: ক্লার্ক
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বুধবার বাজবে অ্যাশেজ দামামা। তার আগে প্রবল চাপ কমানোর ভালো তরিকাই পেয়েছেন ‘আন্ডার ডগ’ অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বলছেন, অ্যাশেজ তার কাছে আর দশটা সিরিজের মতোই।
ক্লাক মনে করেন, খেলোয়াড় বা অধিনায়ক হিসেবে তার যোগ্যতা অ্যাশেজের আগামী দশটা ম্যাচে নির্ধারণ হবে না। আর এ সিরিজকে টেস্ট খেলুড়ে যে কোনো দেশের সঙ্গে যে কোনো টেস্টের চেয়ে বাড়তি কোনো গুরুত্ব দিতে নারাজ ক্লার্ক। উদাহরণ হিসেবে তিনি আনলেন টেস্ট র্যাংকিংয়ে তলানিতে থাকা বাংলাদেশের কথাও।
“প্রতিটি ম্যাচেই যখন আমি মাঠে নামি, আমি শতক করতে চাই। সেটা বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিপক্ষেই হোক। আমার মানসিকতার তাতে পরিবর্তন হয় না।”
অ্যাসেজের সঙ্গে ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে আছে মানলেও এটাকে আলাদাভাবে গুরুত্ব দিতে চান না ক্লার্ক।
“এটা চমৎকার যে, ইতিহাস-ঐতিহ্য সিরিজটাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে, যা ক্রিকেটের জন্য ভালো। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে আমার মানসিকতার তাতে পরিবর্তন হবে না। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সবসময়ই আমি জিততে চাই।”
অধিনায়ক হিসেবেও অ্যাশেজের বাড়তি উত্তাপ গায়ে মাখতে চান না ক্লার্ক “আমি পত্র-পত্রিকায় পড়েছি যে এটা (অ্যাশেজ) অধিনায়ক হিসেবে আমার সম্মান বাড়াবে অথবা খর্ব করবে। কিন্তু ব্যাক্তিগতভাবে আমার এমনটা মনে হয় না।”
২০১৫ সালের বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে হওয়ায় অ্যাশেজের সূচি ঠিক রাখতে এ বছর দুটি টুর্নামেন্ট আয়োজন করছে আয়োজকেরা। তাই ছয় মাসের মধ্যে মোট ১০ বার মুখোমুখি হবে দল দুটি। যার প্রথম ধাপ শুরু হচ্ছে বুধবার, ট্রেন্ট ব্রিজে। বছরের শেষ দিকে ফিরতি সফরে অস্ট্রেলিয়া যাবে ইংল্যান্ড।
১৩০ বছরের পুরনো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই লড়াইয়ের গত দুই আসরে পরাজিত অস্ট্রেলিয়াকে এবার ‘আন্ডারডগ’ বলছেন ক্রিকেটবোদ্ধারা।
আর এজন্যই বোধহয় প্রতিটি মন্তব্যতেই কাঁধ থেকে চাপের বোঝা ঝেড়ে ফেলছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, “ভারত ও দক্ষিণ আফিকার বিপক্ষে হারলে যতটা হতাশ হই তার চেয়ে বেশি হবো না যদি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরে যাই। আর জিতলেও তা অন্য সব জয়ের আনন্দের মতোই হবে। এর মধ্যে কোনো চাপ নেই।”
ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক অবশ্য চাপটাকে স্বীকার করে উপভোগই করছেন, “একজন অস্ট্রেলিয়ান বা ইংলিশ ক্রিকেটার হিসেবে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় টেস্ট ম্যাচ। ইতিহাস, ঐতিহ্য, চরম প্রতিদ্বন্দ্বিতা এবং উভয় দলের পেছনে পুরো দেশের চাওয়া সিরিজটাকে এতটা জনপ্রিয় করে তুলেছে।”
আর ক্লার্কের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বললেন, অ্যাশেজ এক জনের ক্যারিয়ারের গতিপথ ঠিক করে দিতে পারে।
কিন্তু এ কথায় কান না দিয়ে সহখেলোয়াড়দের প্রতি ক্লার্কের পরামর্শ, “খুব শক্তিশালী একটা ইংল্যান্ড দলের বিপক্ষে তাদের মাটিতেই খেলার সুযোগ আমরা পেয়েছি। আমাদের হারানোর কিছু নেই। চলো আমরা এ সিরিজের প্রতিটা মিনিট উপভোগ করি। মনেই আনবে না যে, এ সিরিজ দিয়ে তোমাকে বিচার-বিবেচনা করা হবে।”
