২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফরে আশাবাদী মিসবাহ

চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা ভুলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল হক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

ওয়েস্ট ইন্ডিজে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই হেরে স্বদেশে তীব্র সমালোচনার মুখে পড়া পাকিস্তান।

১৪ ও ১৬ জুলাই গায়ানাতে প্রথম দুটি এবং ১৯, ২১ ও ২৪ জুলাই সেন্ট লুসিয়ায় শেষ তিনটি ওয়ানডে হবে। টি-টোয়েন্টি দুটি হবে ২৭ ও ২৮ জুলাই, সেন্ট ভিনসেন্টে।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেয়ার আগে মিসবাহ বলেন, “তীব্র লড়াই করে ইতিবাচক ক্রিকেট খেলার সর্বাত্মক চেষ্টা করবো আমরা। চেষ্টা করবো চ্যাম্পিয়ন্স ট্রফির বাজে পারফরম্যান্সকে পেছনে ফেলা নিশ্চিত করতে।”

“আমাদের দলের প্রধান লক্ষ্য ভালো খেলা। তাহলে আমাদের সমর্থকদের হতাশাও দূর হবে, আর আমরাও আত্মবিশ্বাস ফিরে পাবো।”

তবে স্বাগতিক দলকে কঠিন প্রতিপক্ষ হিসেবে রায় দিয়ে মিসবাহ আরো বলেন, “ওয়েস্ট ইন্ডিজ কঠিন প্রতিপক্ষ। তাদের ব্যাটিংও দারুণ আক্রমণাত্মক। তবে আমি নিশ্চিত, আমাদের দল খেলাটার তিনটি বিভাগেই ভালো করবে।”