শতাব্দী সেরা বলে ‘ভাগ্যের ছোঁয়া’
মাইক গ্যাটিংকে বোল্ড করা শেন ওয়ার্নের সেই যাদুকরী ডেলিভারিকে ধরা হয় শতাব্দির সেরা বল হিসেবে। কিন্তু দুই দশক পর ইংল্যান্ডে আরেকটি অ্যাশেজ শুরুর আগে ওয়ার্ন বললেন, ভাগ্যের ছোঁয়া আছে তাতে।
আগামী বুধবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে ওয়ার্নের সেই যাদুকরী বলের ২০ বছর পুর্ণ হচ্ছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যখন মুখোমুখি তখন টেস্টে ৭০৮ উইকেট নেয়া লেগ স্পিনার আবার সেই মূহুর্তের স্মৃতিচারণ করলেন।
সিডনি মর্নিং হেরাল্ডকে দেয়া সাক্ষাতকারে ওয়ার্ন ঐ ডেলিভারিকে শতাব্দীর সেরা মানতে নারাজ।
অ্যাশেজের ইতিহাসে ৩৬ টেস্টে সর্বোচ্চ ১৯৫ উইকেটের মালিক ওয়ার্নের মতে, তা ছিল শুধুই সৌভাগ্যের পরশ।
১৯৯৩ সালের ৪ জুন, ওল্ড ট্রাফোর্ডে চলছিল অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ইংল্যান্ডের মাটিতে ক্যারিয়ারে প্রথম বল করতে এলেন ওয়ার্ন। সামনে প্রতিপক্ষের অধিনায়ক গ্যাটিং।
প্রথম বলটিই লেগ স্ট্যাম্পের বাইরে পড়ে বাক খেয়ে উড়িয়ে দিল অফ স্ট্যাম্পের বেল। সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। সিরিজ শেষে গ্যাটিং বলেছিলেন, ওয়ার্নের ঐ যাদুকরী ডেলিভারিই নাকি সিরিজের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল।
এ প্রসঙ্গে সিডনি মর্নিং হেলাল্ডকে ওয়ার্ন বলেন, “সবার মতে গ্যাটিংকে আউট করা ডেলিভারিটি শতাব্দীর সেরা যা আমার জন্য গর্বের এক বিষয়। এটা ভালো লাগার একটা বিষয়। আমি ভাগ্যবান ছিলাম যে তা আমার হাত দিয়ে ঘটেছে।”
“এ ধরনের বল আমি আর কখনো করিনি। এটাই প্রমাণ করে যে ঐ বিষয়টা সম্পূর্ণ ভাগ্যের ছোঁয়ায় হয়েছিল। আর এটাই সত্য।”
