২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির নির্বাচন ৯০ দিনের মধ্যে করার আদেশ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম সেঠিকে দায়িত্ব নেয়ার নব্বই দিনের মধ্যে বোর্ডের নির্বাচনের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

গত মে মাসে অনুষ্ঠিত পিসিবির নির্বাচনের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সাবেক কর্মকর্তার রিটের শুনানি শেষে এই নির্দেশ দেয় হাইকোর্ট।

পিসিবির নতুন গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন জাকা আশরাফ। সরকারের হস্তক্ষেপ মুক্ত নতুন গঠনতন্ত্রে তিনিই পিসিবির প্রথম নির্বাচিত সভাপতি।

নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর হাইকোর্ট আশরাফকে সভাপতি পদ থেকে সরিয়ে দেয়। এ সময় নির্বাচন প্রক্রিয়াকে ‘সন্দেহজনক’ ও ‘কলুষিত’ অ্যাখ্যায়িত করে হাইকোর্ট। গত ২৩ জুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় নাজাম সেঠিকে।

রিট আবেদনে বর্তমান গঠনতন্ত্র বাতিলের কথা বলা হয়েছিল। হাইকোর্ট নতুন নির্বাচনের ঘোষণা দিলেও গঠনতন্ত্র বহাল রেখেছে। নতুন নির্বাচন এই গঠনতন্ত্র অনুযায়ীই হবে।

নির্বাচনের পর পাঞ্জাব আঞ্চলিক অ্যাসোসিয়েশনের প্রবল বিরোধিতার মুখে পড়েন আশরাফ। দেশের ৬০ শতাংশ জনসংখ্যা অধ্যুষিত পাঞ্জাবের কোনো প্রতিনিধি বোর্ডে না থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেট হয় না এমন দুটি অঞ্চলের প্রতিনিধি আশরাফের কমিটিতে ছিলেন।