২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, উমর

প্রায় তিন মাস পর ওয়ানডে দলে ফিরলেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

দলে ফিরেছেন ব্যাটসম্যান-উইকেটরক্ষক উমর আকমলও। এই দুইজনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান।

১৪ জুলাই থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

উভয় দলেই আছেন আফ্রিদি ও উমর। ৩৫৪টি ওয়ানডে খেলা আফ্রিদি শেষ ওয়ানডে খেলেছিলেন গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে। আর ৭১ ওয়ানডে খেলা উমর শেষ ওয়ানডে খেলেছেন বছরের শুরুতে ভারত সফরে। দুজনেরই শেষ টি-টোয়েন্টি ম্যাচ দক্ষিণ আফ্রিকা সফরে, গত ৩ মার্চ। 

এছাড়া প্রায় দুই বছর পর ওয়ানডেতে ফিরেছেন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ২০১১ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। টি-টোয়েন্টিতেও আছেন শেহজাদ।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের সবকটি ম্যাচ হেরে বিদায় নেয়ার পর তীব্র সমালোচনার শিকার হয় ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়নরা। যার জন্যে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতাই মুলত দায়ী।

সাবেকদের অনেকে তাই দলে আমুল পরিবর্তন চেয়েছিলেন। তবে শাস্তির খড়্গ নেমেছে শুধু উইকেটরক্ষক কামরান আকমল ও অলরাউন্ডার শোয়েব মালিকের উপর। বাদ পড়েছেন তারা দু’জন।

এছাড়া ওয়ানডেতে ডাক পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন স্পিনার জুলফিকার বাবর। এরা দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন।

ওয়ানডে দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), নাসির জামশেদ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, উমর আকমল (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, সাইদ আজমল, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, আসাদ আলি, উমর আমিন, মোহাম্মদ রিজওয়ান, আব্দুর রেহমান ও হারিছ সোহেল।

টি-টোয়েন্টি দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), নাসির জামশেদ, আহমেদ শেহজাদ, হারিছ সোহেল, উমর আকমল (উইকেটরক্ষক), হাম্মাদ আজম, শহীদ আফ্রিদি, সাইদ আজমল, সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, আসাদ আলি, উমর আমিন, জুলফিকার বাবর।