২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

সাতটি ওয়ানডে ও একটি টোয়েন্টি২০ খেলতে আগামী অক্টোবর-নভেম্বরে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 12:09 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

রাজকোটে ১০ অক্টোবর একমাত্র টোয়েন্টি২০ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার এই সফর। এরপর ১৩, ১৬, ১৯, ২৩, ২৬, ৩০ অক্টোবর ও ২ নভেম্বর হবে সাতটি এক দিনের ম্যাচ। ওয়ানডেগুলো যথাক্রমে হবে পুনে, জয়পুর, মোহালি, রাঁচি, কটক, নাগপুর ও ব্যাঙ্গালোরে। সবগুলো ওয়ানডেই হবে দিবা-রাত্রির।

এর আগে ২০০৯ সালে ভারত সফরে সর্বশেষ সাতটি ওয়ানডে খেলেছিল রেকর্ড চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেবার ৪-২ এ জিতেছিল তারা। শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়।

তবে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে জিতেছিল ভারত, ১-০ ব্যবধানে। ২০১০ সালের অক্টোবরে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের অপর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

সাম্প্রতিককালে ভারত সফরের স্মৃতি অবশ্য খুবই তিক্ত অস্ট্রেলীয়দের। ফেব্রুয়ারি- মার্চের ঐ সফরে চার টেস্টের সিরিজের সবকটিতে হেরেছিল অস্ট্রেলিয়া।