২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থারাঙ্গা, জয়াবর্ধনের শতকে শ্রীলঙ্কার সহজ জয়

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় পেল শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 04:47 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

মঙ্গলবার কিংস্টনের স্যাবাইনা পার্কে শ্রীলঙ্কার ১৬১ রানের জয়ে বড় অবদান ১৭৪ রানে অপরাজিত উপুল থারাঙ্গার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ১০৭ রান করা মাহেলা জয়াবর্ধনের।

তিন দলেরই দুই খেলা শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা। এখনও কোনো পয়েন্ট পায়নি ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৪৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৪ ওভার ৫ বলে ১৮৭ রানে অলআউট হয়ে যায় ভারত।

জয়াবর্ধনের সঙ্গে থারাঙ্গার ২১৩ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। রবিচন্দ্রন অশ্বিনের বলে জয়াবর্ধনে উমেশ যাদবের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে ভাঙ্গে ৩৮ ওভার ৩ বল স্থায়ী জুটি। ভারতের বিপক্ষে এটাই শ্রীলঙ্কার সবচেয়ে বড় উদ্বোধনী জুটি।

সাজঘরে ফেরার আগে ১৬তম শতকে পৌঁছান জয়াবর্ধনে (১০৭)। তার ১১২ বলের ইনিংসে ৯টি চার ও দুটি ছক্কা।

দ্বিতীয় উইকেটে ৬৮ বলে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্য্যাথিউসের (২৯ বলে অপরাজিত ৪৪) সঙ্গে ম্যাচ সেরা থারাঙ্গার ১৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সাড়ে তিনশ' রানের কাছাকাছি নিয়ে যায়।

১৩তম শতকে পৌঁছানো থারাঙ্গার ১৫৯ বলের ইনিংসটি ১৯টি চার ও ৩টি বিশাল ছক্কায় সাজানো।

জবাবে মুরালি বিজয়ের ৩০ ও শিখর ধাওয়ানের ২৪ রানের পরও ৬৫ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে ভারতের শুরুটা ভালো হয়নি।

এরপর রবীন্দ্র জাদেজা (অপরাজিত ৪৯), দীনেশ কার্তিক (২২) ও সুরেশ রায়না (৩৩) চেষ্টা করলেও ভারত আর খেলায় ফিরতে পারেনি। শ্রীলঙ্কাও পেয়ে যায় গুরুত্বপূর্ণ একটি বোনাস পয়েন্ট।

৩৭ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার রঙ্গনা হেরাথ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৩৪৮/১ (থারাঙ্গা ১৭৪*, জয়াবর্ধনে ১০৭, ম্যাথিউস ৪৪; অশ্বিন ১/৬৭)

ভারত: ৪৪ ওভার ৫ বলে ১৮৭ (রোহিত ৫, ধাওয়ান ২৪, বিজয় ৩০, কোহলি ২, কার্তিক ২২, রায়না ৩৩, জাদেজা ৪৯*, অশ্বিন ৪, সামি ০, ইশান্ত ২, উমেশ ০; হেরাথ ৩/৩৭, মালিঙ্গা ২/৪০, সেনানায়েকে ২/৪৬, ম্যাথিউস ১/২৩, কুলাসেকারা ১/৩৭)

ম্যাচ সেরা: উপুল থারাঙ্গা।