২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে ফিরতে আশাবাদী আমির

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশা প্রকাশ করেছেন স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানের মোহাম্মদ আমির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো’ বল করার সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও আমিরকে সব ধরনের ক্রিকেট থেকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে আইসিসি।

আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর। যা শেষ হতে এখনো দুই বছর বাকি। তবে আইসিসির সদ্য সমাপ্ত বার্ষিক সাধারণ সভায় তার শাস্তি কমানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি নাজাম সেঠি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে অনুরোধ করেছেন।

তার অনুরোধে সাড়া দিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে আইসিসি। শাস্তি কমানোর জন্য পিসিবির পদক্ষেপ এবং আইসিসির উদ্যোগ আশাবাদী করে তুলেছে আমিরকে। তিনি বলেন, “আমার হয়ে আইসিসির সামনে কথা বলার জন্য পিসিবি সভাপতি নাজাম সেঠির কাছে আমি কৃতজ্ঞ। আইসিসির গড়া কমিটি নতুন করে ক্যারিয়ার শুরু করতে আমাকে শক্তি জোগাচ্ছে। এই প্রথম পাকিস্তান ক্রিকেটাঙ্গনের কোনো ব্যক্তি আমার হয়ে লড়াই করার চেষ্টা করছেন। সেজন্য আমি খুবই খুশি।” “আমি সব সময় আকসুকে (আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট) সহযোগিতা করেছি। প্রয়োজন হলে ভবিষ্যতেও করব। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবো।”