২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরের শাস্তি কমানোর ‘উদ্যোগ’

মোহাম্মদ আমিরের শাস্তি কমানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধ বিবেচনা করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো’ বল করার সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও আমিরকে সব ধরনের ক্রিকেট থেকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।

সালমানের ১০ বছর (পাঁচ বছর মুলতবিযোগ্য), আসিফের সাত বছর (দুই বছর মুলতবিযোগ্য) এবং আমিরের শাস্তির মেয়াদ পাঁচ বছর।

সদ্য সমাপ্ত আইসিসির বার্ষিক সাধারণ সভায় আমিরের শাস্তি কমানোর জন্য আবেদন করেন পিসিবির ভারপ্রাপ্ত সভাপতি নাজাম সেঠি।

তারই প্রেক্ষিতে গঠিত কমিটির সভাপতি জাইলস ক্লার্ক (তিনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডেরও প্রধান) বলেন, “আমিরের সহযোগিতা, প্রকাশ্যে দোষ স্বীকার এবং পুনর্বাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ বিবেচনা করে আমি জানাতে চাই, ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি এবং সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার মুখপাত্রকে নিয়ে গড়া একটি কমিটিকে নিয়ে ব্যাপারটা (শাস্তি কমানো) দেখা হবে।”