অস্ট্রেলিয়া ‘বিপজ্জনক’ দল: অ্যান্ডি ফ্লাওয়ার
ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার মনে করেন, আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে অস্ট্রেলিয়া তার দলকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাবে।
ইদানীং অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ভালো নয়। গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে চার টেস্ট সিরিজের সব ম্যাচে হেরে গিয়েছিল তারা।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠতে ব্যর্থ অস্ট্রেলিয়া রিকি পন্টিং ও মাইক হাসির মতো দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব প্রতিনিয়ত অনুভব করছে।
তবু এক সময়ের পরাক্রমশালী দলটিকে হালকাভাবে নিতে রাজি নন গত দুটো অ্যাশেজ জয়ী ইংল্যান্ডের কোচ। শনিবার যুক্তরাজ্যের ‘ডেইলি মেইল’ পত্রিকাকে তিনি বলেন, “২০০৯ সালের অ্যাশেজ সম্ভবত আমরা প্রত্যাশা ছাপিয়ে জিতেছিলাম। (অস্ট্রেলিয়ার মাটিতে) ফিরতি সফরের জয়কেও আমি প্রত্যাশার বাইরেই বলবো। কারণ আমরা হারানোর আগে ঘরের মাঠে তাদের অসাধারণ রেকর্ড ছিল।”
জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান আরো বলেন, “এবার সবাই আমাদের জয়ের প্রত্যাশা করছে। আর এটা ভিন্ন ধরনের এক চ্যালেঞ্জের সামনে আমাদের দাঁড় করিয়েছে। হ্যাঁ, এই সিরিজ আমরা ফেভারিট হিসেবে খেলবো।”
“তবে ক্রিকেট যারা বোঝেন তারা স্বীকার করবেন যে লোকে আমাদের যত ভালো বলে আমরা তত ভালো দল নই। তেমনি কিছু লোক যত খারাপ বলে অস্ট্রেলীয়রা তত খারাপ দল নয়। আমরা ভালো মতোই জানি তারা কতটা বিপজ্জনক দল। তাই তাদের প্রতি আমাদের অগাধ সম্মান।”
