ধোনির ‘দৃষ্টি’ ধারাবাহিকতায়
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তার দলের এখন একটাই লক্ষ্য। তা হলো ধারাবাহিক উন্নতি।
ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধোনি বলেন, “ভারতীয় ক্রিকেটে প্রত্যাশার মাত্রা সব সময় একই রকম থাকবে। আমাদের কোনো কিছু যদি এগোয় তাহলে তা শুধু ওপরের দিকেই এগোবে।”
তবে লক্ষ্য অর্জনে কোনো রকম তাড়াহুড়োর পক্ষপাতী নন ভারতের সফলতম অধিনায়ক। তিনি বলেন, “আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুদূর ভবিষ্যতের দিকে না তাকিয়ে একটি-একটি করে সিরিজ ধরে এগোনো।”
চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে ধোনি আরো বলেন, “যুক্তরাজ্যে সদ্য একটা বিশ্ব মানের টুর্নামেন্ট খেলে এসে আমরা এখন ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাজ্যে আমাদের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। তবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ীদের ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ রোববার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
