শিরোপার লড়াইয়ে ভারত-ইংল্যান্ড
এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক ইংল্যান্ড।
ক্রিকেট খেলাটার জন্ম ইংল্যান্ডে, অথচ ওয়ানডে ক্রিকেটের কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আজো ইংরেজরা চ্যাম্পিয়ন হতে পারেনি। ১৯৭৯, ’৮৭ ও ’৯২ বিশ্বকাপের ফাইনালে উঠলেও প্রত্যেক বারই হেরে যায় তারা।
৯ বছর আগে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই পরিণতি হয়েছিল ইংল্যান্ডের। ফাইনালে জয়ের সম্ভাবনা জাগিয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে নাটকীয়ভাবে ২ উইকেটে পরাজয়।
এবার সব হতাশাকে পেছনে ফেলে শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। তিনি বলেন, “আমাদের দলের খেলোয়াড়রা মাঠে নামতে উদগ্রীব। আমরা কখনো কোনো বৈশ্বিক ৫০ ওভার ক্রিকেটের টুর্নামেন্ট জিততে পারিনি। দলের সবাই আমাকে সে কথাটা বার-বার মনে করিয়ে দিচ্ছে।”
এই টুর্নামেন্টে ভারত দারুণ খেলছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং সেমিফাইনালে সহজেই জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল।
তবে একটি তথ্য স্বাগতিক দলকে অনুপ্রাণিত করতে পারে। দুই বছর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পর ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ ৪-০ ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছিল ভারত।
সে কথা সবাইকে মনে করিয়ে দিয়ে কুক বলেন, “ওরা এই টুর্নামেন্টে এখনো অপরাজিত আছে। খেলছেও খুবই ভালো। তবে ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে আমাদের সর্বশেষ রেকর্ডও ভালো।”
“আমি শুধু বলতে পারি যে সর্বশেষ দুই ম্যাচে (গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) চাপের মধ্যে ছেলেদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আগামীকাল আমাদের সফল না হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।”
অপ্রতিরোধ্য গতিতে ফাইনালে উঠলেও ইংল্যান্ডকে নিয়ে ধোনি দুশ্চিন্তায়। ভারতের অধিনায়ক বলেন, “ইংল্যান্ড খুবই ভালো দল। গত কয়েক বছর আমরা বেশ কয়েক বার মুখোমুখি হয়েছি। তাই আমরা যেমন ওদের সম্পর্কে জানি তেমনি ওরাও আমাদের সম্পর্কে জানে।”
