চ্যাম্পিয়ন্স লিগ শেষে পন্টিংয়ের বিদায়
রিকি পন্টিং জানিয়েছেন, আগামী অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান পন্টিংয়ের দল আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
এবারের আইপিএলে শুরুতে তিনি মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন। কিন্তু ক্রমাগত ব্যর্থতার কারণে কয়েক ম্যাচ পরই প্রথম একাদশে জায়গা হারান। সেই জায়গা আর ফিরে পাননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পন্টিং এখন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলছেন।
যুক্তরাজ্যের ‘ডেইলি মেইল’ পত্রিকাকে ৩৮ বছর বয়সী পন্টিং বলেন, “এখনো ক্রিকেট উপভোগ করলেও আমার মনে হয় বিদায় জানানোর এটাই সঠিক সময়।”
“শারীরিক ও মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছি। পরবর্তী জীবন শুরু করার আগের শেষ কয়েকটা মাস আমি দারুণ উপভোগ করবো।”
‘ডেইলি মেইল’ পত্রিকাতেই আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ অর্থাৎ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে নিয়মিত কলাম লিখবেন পন্টিং।
