২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ড

দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 10:21 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

এর আগে ২০০৪ সালে ঘরের মাঠেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে নাটকীয়ভাবে ২ উইকেটে হেরে গিয়েছিল ইংল্যান্ড।

বুধবার ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৪ বলে ১৭৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

দলীয় ৪ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকাকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেছিলেন তিন নম্বরে ‘পদোন্নতি’ পাওয়া রবিন পিটারসন (৩০) এবং চার নম্বরে নামা ফাফ দু প্লেসি (২৬)।

তবে দলীয় ৪৫ রানে পিটারসনের বিদায়ের পর ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ২ উইকেটে ৪৫ থেকে তারা পরিণত হয় ৮ উইকেটে ৮০ রানে।

নবম উইকেটে রোরি ক্লাইনভেল্টের সঙ্গে ডেভিড মিলার ৯৫ রানের জুটি গড়লেও লড়াই করার মতো সংগ্রহ পায়নি দক্ষিণ আফ্রিকানরা। তবে ওয়ানডেতে দেশের পক্ষে নবম উইকেটে রেকর্ড জুটি গড়েছেন ক্লাইনভেল্ট (৪৩) ও মিলার (৫৬*)।

৭ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেয়া জেমস ট্রেডওয়েল ইংল্যান্ডের সেরা বোলার। ম্যাচের সেরা খেলোয়াড়ও এই অফস্পিনার। ৫০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন স্টুয়ার্ড ব্রডও।

জশ বাটলারের কৃতিত্বও কম নয়। সপ্তম এবং ইংল্যান্ডের তৃতীয় উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ৬টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

ওভালের ব্যাটিং-সহায়ক পিচে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও জোনাথন ট্রট-জো রুটের ১০৫ রানের তৃতীয় উইকেট জুটি ইংল্যান্ডের সহজ জয়ের ভিত গড়ে দেয়।

রুট ৪৮ রান করে বিদায় নিলেও ট্রটকে আউট করতে পারেননি দক্ষিণ আফ্রিকান বোলাররা। তার ৮৪ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসে ১১টি চার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৮.৪ ওভারে ১৭৫ (ইনগ্রাম ০, আমলা ১, পিটারসন ৩০, দু প্লেসি ২৬, ডি ভিলিয়ার্স ০, ডুমিনি ৩, মিলার ৫৬*, ম্যাকলারেন ১, মরিস ৩, ক্লাইনভেল্ট ৪৩, সোতসোবে ০; ট্রেডওয়েল ৩/১৯, ব্রড ৩/৫০, অ্যান্ডারসন ২/১৪, ফিন ১/৪৫)

ইংল্যান্ড: ৩৭.৩ ওভারে ১৭৯/৩ (কুক ৬, বেল ২০, ট্রট ৮২*, রুট ৪৮, মর্গ্যান ১৫*; ক্লাইনভেল্ট ১/১০, ডুমিনি ১/২৭, মরিস ১/৩৮)

ম্যাচ সেরা: জেমস ট্রেডওয়েল।