২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটমোরের দৃষ্টি আগামী বিশ্বকাপে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর মনে করেন, ২০১৫ বিশ্বকাপের জন্য এখন থেকেই দল গড়ার উদ্যোগ নেয়া উচিৎ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 07:14 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

ওয়ানডের দ্বিতীয়-সেরা টুর্নামেন্টের তিনটি ম্যাচেই হেরে মঙ্গলবার পাকিস্তানে ফেরার পর তার সামনে দলের পুনর্গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন রাখা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে ৫৯ বছর বয়সী হোয়াটমোর বলেন, “দল নির্বাচন সংক্রান্ত প্রশ্ন সরাসরি নির্বাচকদের করা উচিৎ। তবে আমি মৌখিক ও লিখিতভাবে আমার পর্যালোচনা জানাবো। হয়তো ২০১৫ বিশ্বকাপের চিন্তা মাথায় রেখেই।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটসম্যানদের ব্যর্থতা সবচেয়ে বেশি ভুগিয়েছে পাকিস্তানকে। প্রতিযোগিতায় তাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৭০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

হোয়াটমোর অবশ্য তার শিষ্যদের সমালোচকদের তোপের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি বলেন, “আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। সন্দেহ নেই, পাকিস্তানের সব মানুষ আমাদের কাছ থেকে এর চেয়ে অনেক ভালো কিছুর প্রত্যাশা করেছিল। সে কারণেই হতাশাটা এত তীব্র।”

“তবে খেলোয়াড়দের চেষ্টায় ঘাটতি ছিল না। আসলে আমরা তিন ম্যাচের একটিতেও যথেষ্ট রান করতে পারিনি।”