অ্যাশেজের আগেই ফিরছেন পিটারসেন
হাঁটুর চোট কাটিয়ে প্রায় তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
২১ জুন থেকে শুরু হতে যাওয়া কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচে ইয়র্কশায়ারের বিপক্ষে সারের হয়ে খেলবেন তিনি।
এ প্রসঙ্গে টুইটারে পিটারসেন লিখেছেন, “হ্যাঁ, ঐ ম্যাচে আমি খেলবো।”
আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের আগে পিটারসেনের মাঠে ফেরা ইংল্যান্ডের জন্য নিঃসন্দেহে বিরাট সুখবর।
গত মার্চে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ খেলেছিলেন ৯৪ টেস্টে ৪৯.০১ গড়ে ৭,৪৯৯ রান করা পিটারসেন।
চোটের কারণে ইংল্যান্ডে নিউজিল্যান্ডের ফিরতি সফরে খেলতে পারেননি ‘কেপি’ নামে পরিচিত এই ব্যাটসম্যান। খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।
