২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বল-বিকৃতির অভিযোগ অস্বীকার

বব উইলিসের অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে বলের আকার পরিবর্তন বা বিকৃত করেছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রতিযোগিতার স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:30 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার ইনিংসের ২৬তম ওভারের সময় আকার পরিবর্তনের কারণে বল পাল্টে ফেলেন দুই আম্পায়ার আলীম দার ও বিলি বাউডেন। ম্যাচটি ৭ উইকেটে হেরে যায় ইংল্যান্ড।

তবে এই ঘটনায় পক্ষপাতিত্বের গন্ধ খুঁজে পাচ্ছেন উইলিস। তিনি বলেন, “আলীম দার ইংল্যান্ডের পক্ষের লোক। তিনি জানতেন একজন ইংল্যান্ডের হয়ে বল খুঁচিয়েছে। আমি তার নাম বলছি না, কিন্তু সেজন্যই বল পাল্টানো হয়েছিল।”

এই অভিযোগ অস্বীকার করে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের কোচ অ্যাশলে জাইলস বলেন, “আমরা বল বিকৃত করি না। আশা করি আমরা অন্য কিছু নিয়ে কথা বলতে পারি। বলের আকার নষ্ট হয়ে যাওয়ায় তা পাল্টানো হয়েছিল।”