‘এ’ দলের ইংল্যান্ড সফরসূচী চূড়ান্ত
আগামী অগাস্টে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরের সূচী চূড়ান্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২ অগাস্ট ইংল্যান্ড পৌঁছাবে ‘এ’ দল। তিন সপ্তাহের সফরে আটটি ওয়ানডে খেলবে তারা।
৬ অগাস্ট হ্যাম্পশায়ারের বিপক্ষে ‘এ’ দলের প্রথম ম্যাচ। এরপর ৯ অগাস্ট ইয়র্কশায়ার, ১১ অগাস্ট ল্যাঙ্কাশায়ার, ১৪ অগাস্ট নটিংহ্যামশায়ার ও ১৬ অগাস্ট তাদের প্রতিপক্ষ ওরস্টারশায়ার।
সবশেষে ২০, ২২ ও ২৪ অগাস্ট ইংল্যান্ড লায়ন্স দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ‘এ’ দল।
