২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলের সেমিফাইনালে ওঠার লড়াই

শুক্রবার কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বিজয়ী দল চলে যাবে সেমিফাইনালে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

দুই দলই ভারতের কাছে হেরেছে, আর পাকিস্তানকে হারিয়েছে। তাই ‘বি’ গ্রুপ থেকে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আর পাকিস্তান বিদায় নিয়েছে।

বুধবারের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মতো এই ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার জোরালো আশঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, শুক্রবার কার্ডিফে বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে খেলা না হলে বাদ পড়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের নিট রান রেট -০.০৮৬। শ্রেয়তর নিট রান রেট শেষ চারে পৌঁছে দেবে দক্ষিণ আফ্রিকাকে (+০.৪১০)।

ওয়েস্ট ইন্ডিজ দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। নিয়মিত উইকেটরক্ষক দীনেশ রামদিন দুই ম্যাচ নিষিদ্ধ থাকায় উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লস এই ম্যাচেও উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন।

দক্ষিণ আফ্রিকানদের জন্য একটা সুখবর অপেক্ষা করছে। চোট কাটিয়ে ফিরতে পারেন ফাস্ট বোলার ডেল স্টেইন। টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার খেললে বাদ পড়তে পারেন বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো।