ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু
বৃহস্পতিবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনে সাকিব আল হাসান, তামিম ইকবাল, শাহাদাত হোসেন রাজীব ও আব্দুর রাজ্জাক ছাড়া বাকি ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
কন্ডিশনিং ক্যাম্পে কয়েকটি নতুন প্রযুক্তি ও উন্নত উপকরণ ব্যবহার করছেন সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ স্টুয়ার্ট কার্পেনিয়েন। প্রথম দিন মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেয়া হয়।
এরপর কার্পেনিয়েন সাংবাদিকদের বলেন, “কয়েকটি ব্যাপারে আমি সন্তুষ্ট নই। ক্রিকেটাররা একটানা খেলে তারপর এখানে এসেছে। সব সময় আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে থাকলে অনুশীলন করা কঠিন। এটা ১০/১২ দিনের ব্যাপার নয়। বছরে অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ সময় প্রয়োজন।”
“পেসাররা ফিটেনেস পরীক্ষার সময় ড্রপ জাম্প করেছে। ওদের ফিটনেস বোঝার জন্য এটা একটা ভালো মানদণ্ড। পেসারদের হাঁটুর দিকে আমরা মনযোগ দিচ্ছি। কারণ হাঁটুতেই বেশি চোট পান পেসাররা।”
ক্রিকেটারদের ওজন নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব দিয়ে কার্পেনিয়েন আরো বলেন, “ওজন কমানোর মৌলিক ব্যায়ামগুলো না করলে শক্তি বাড়ানোর অনুশীলন করিয়ে কোনো লাভ নেই। আমরা প্রথমে ক্রিকেটারদের শারীরিকভাবে ভালো অবস্থায় নিয়ে যেতে চাই। এরপর শক্তি বাড়ানোর জন্য তাদের ভিন্ন ধরনের অনুশীলনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে।”
