২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড খেলা পরিত্যক্ত

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির বুধবারের ম্যাচ বৃষ্টির তাণ্ডবে পরিত্যক্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 11:04 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুটি করে খেলা শেষ হয়েছে। তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে নিউজিল্যান্ড, ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গত দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার একটি করে খেলা হয়েছে। বৃহস্পতিবার ওভালে মুখোমুখি হবে তারা। দুই পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইংল্যান্ড, চার নম্বরে থাকা শ্রীলঙ্কা পয়েন্ট শূন্য।

রোববার কার্ডিফে ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পরদিন কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৫ ওভারে ২ উইকেটে ৫১ রান করে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ইনিংসের ১৫ ওভার পর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। ফলাফলের জন্য তাদের ইনিংসে অন্তত ২০ ওভার খেলা হওয়া প্রয়োজন ছিল। তা না হওয়ায় প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে শেন ওয়াটসন (৫) ও ফিল হিউজের (০) দ্রুত বিদায়ে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি।

ম্যাথু ওয়েডের (২৯) সঙ্গে ৬৪ ও অ্যাডাম ভোজেসের সঙ্গে ৭৭ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে ৩ উইকেটে ১৫১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান অধিনায়ক জর্জ বেইলি (৫৫)।

পঞ্চম উইকেটে মিচেল মার্শের (২২) সঙ্গে ভোজেসের ৪২ বলে ৪২ রান দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে যায়। দলীয় ১৯৩ রানে মার্শ ও ১৯৬ রানে ভোজেসের (৭১) বিদায়ে বড় একটা ধাক্কা খায় গত দুবারের চ্যাম্পিয়নরা।

সেখান থেকে দলের রান আড়াইশর কাছাকাছি নেয়ার কৃতিত্ব গ্লেন ম্যাক্সওয়েলের (২২ বলে অপরাজিত ২৯)

৬৫ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার মিচেল ম্যাকক্লেনাগান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৪৩/৮ (ওয়াটসন ৫, ওয়েড ২৯, হিউজ ০, বেইলি ৫৫, ভোজেস ৭১, মার্শ ২২, ম্যাক্সওয়েল ২৯*, ফকনার ৬, জনসন ৮, ম্যাককে ২*; ম্যাকক্লেনাগান ৪/৬৫, নাথান ম্যাককালাম ২/৪৬, উইলিয়ামসন ১/৫৬)

নিউজিল্যান্ড: ১৫ ওভারে ৫১/২ (রঞ্চি ১৪, গাপটিল ৮, উইলিয়ামসন ১৮*, টেইলর ৯*; ম্যাককে ২/১০)