২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল-কাণ্ডে বিস্মিত নন সিডন্স

জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ জেমি সিডন্স জানিয়েছেন, মোহাম্মদ আশরাফুলের ম্যাচ পাতানোয় জড়িয়ে পড়ার ঘটনা তাকে অবাক করেনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

নিউজিল্যান্ডের ‘দ্য ডমিনিয়ন পোস্ট’ পত্রিকার সঙ্গে কথা বলার সময় সিডন্স বলেন, “তার (আশরাফুল) জন্য আমার দুঃখ হচ্ছে। তবে সেজন্য আমি তাকে ক্ষমা করবো না। ছোটবেলাতেই তার প্রতিভার স্ফুরণ ঘটেছিল বলে আমার হতাশা একটু বেশিই। সম্ভবত ১৫ বছর বয়স থেকেই সে এমন ঘৃণ্য জালে জড়িয়ে পড়েছিল।”

২০০৭ সালের নভেম্বর থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সিডন্স। তার সময়ের দুই বছরই অধিনায়ক ছিলেন আশরাফুল। ২০০৯ সালে অধিনায়কত্ব হারান তিনি। পরের বছর বাদ পড়েন জাতীয় দল থেকেও।

সিডন্সের সঙ্গে আশরাফুলের সম্পর্ক ছিল অম্ল-মধুর। একবার গণমাধ্যমকে সিডন্স বলেছিলেন, ছন্দে না থাকা আশরাফুলের রানের ফেরার জন্য অপেক্ষা করার চেয়ে দলের স্বার্থে তার বাইরে থাকা অনেক বেশি জরুরি।

বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে বাংলাদেশের ক্রিকেটে তোলপাড় চললেও এই ঘটনা সিডন্সকে বিস্মিত করেনি। এমন কিছু যে হতে পারে, তা তিনি বিসিবি ও আইসিসিকে আগেই জানিয়েছিলেন। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সিডন্স বলেন, “আমি আমার ভাবনার কথা বিসিবি ও আইসিসিকে জানিয়েছিলাম। তাই (আশরাফুলের) ঘটনাটা শুনে অবাক হইনি। হতাশাজনক হলেও আমার মনে হয় না এটা বিস্মিত হওয়ার মতো কোনো ঘটনা।”

তবে সামাজিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক সময়ে ব্যয়ের অঙ্ক বৃদ্ধির কারণে আশরাফুলের প্রতি সিডন্সের সহানুভূতিও কম নয়।

তিনি বলেন, “আশরাফুলের পরিবারের সদস্য-সংখ্যা ১৫ জন। তাকে সম্ভবত পাঁচটি পরিবারের ব্যয়ও বহন করতে হয়। ওখানে (বাংলাদেশে) একজন ক্রিকেটারের বেতন দিয়ে এত কিছু করা প্রায় অসম্ভব। আপনি তাই ব্যাপারটা বুঝে নিতে পারেন। আসলে পৃথিবীটা তার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল।”

সাকিব আল হাসান ও তামিম ইকবালের উত্থানের জন্য অনেকেই সিডন্সকে কৃতিত্ব দেন। তবে তার সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের ব্যাটিং গড় ছিল ২১-এর নিচে।