সহজ জয়ে শুরু ভারতের
শিখর ধাওয়ানের প্রথম শতকে চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৬ রানে হারিয়েছে ভারত।
বৃহস্পতিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩১ রান করে ভারত। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ৩০৫ রান করে দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের মত দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে রবিন পিটারসনের ১২৪ রানের জুটি কক্ষপথে ফেরায় দলকে।
দলীয় রানে ১৫৫ রানে পিটারসন রান আউট হয়ে গেলে খেলায় ফেরে ভারত। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৭২ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন পিটারসন।
এরপর ছোট খাটো ধস নামে দক্ষিণ আফ্রিকা ইনিংসে। ১৫৫/২ থেকে তাদের স্কোর পরিণত হয় ১৮৮/৬। এর মধ্যে বিদায় নেন ডি ভিলিয়ার্সও (৭০)।
এরপর পর রায়ান ম্যাকলারেন (৭১*) ও ফাফ দু প্লেসি (৩০) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।
ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা ও উমেশ যাদব দুটি করে উইকেট নেন।
এর আগে রোহিত শর্মার সঙ্গে ধাওয়ানের ১২৮ বলে ১২৭ রানের উদ্বোধনী জুটি ভারতকে চমৎকার সূচনা এনে দেয়। অর্ধশতকে পৌঁছানোর পর ম্যাকলারেনের বলে রোহিত (৬৫) পিটারসনের ক্যাচে পরিণত হলে ভাঙ্গে বিপজ্জনক জুটি।
দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৮৩ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ধাওয়ান। কোহলিকে (৩১) হামিশ আমলার ক্যাচে পরিণত করে ৭৮ বল স্থায়ী জুটি ভাঙ্গেন লনওয়াবো সোতসোবে।
কোহলির বিদায়ের পর বেশিক্ষণ টেকেন নি ধাওয়ানও। দলীয় ২২৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১১৪ রান করেন তিনি।
ধাওয়ানের ৯৪ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কা। আগের ৫ ম্যাচে মাত্র ৬৯ রান করেছিলেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।
শেষ দিকে নিয়মিত উইকেট হারানোয় সাড়ে তিনশ পর্যন্ত যেতে পারেনি ভারত। তারপরও জাদেজার (২৯ বলে অপরাজিত ৪৭) আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ৫০ বলে ৭১ রান যোগ করে তারা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্যাকলারেন ৭০ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৩১/৭ (রোহিত ৬৫, ধাওয়ান ১১৪, কোহলি ৩১, কার্তিক ১৪, ধোনি ২৭, রায়না ৯, জাদেজা ৪৭*, অশ্বিন ১০, ভুবনেশ্বর ০*; ম্যাকলারেন ৩/৭০, সোতসোবে ২/৮৩, ডুমিনি ১/৪২)
দক্ষিণ আফ্রিকা: ৩০৫ (আমলা ২২, ইনগ্রাম ৬, পিটারসন ৬৮, ডি ভিলিয়ার্স ৭০, ডুমিনি ১৪, দু প্লেসি ৩০, মিলার ০, ম্যাকলারেন ৭১*, ক্লেইনভেল্ট ৪, সোতসোবে ৩, মরকেল ৮; জাদেজা ২/৩১, ভুবনেশ্বর ২/৪৯, ইশান্ত ২/৬৬, উমেশ ২/৭৫)
