২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লড়াই

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Jun 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

আইপিএল-বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত ক্রিকেট-বিশ্বের সামনে স্বস্তির সুবাতাস। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ওয়ানডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি। কার্ডিফে উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অবশ্য ক্রিকেট-ভক্তদের জন্য একটা দুঃসংবাদও আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির এটা সপ্তম ও শেষ আসর। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা ৮ দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ গত দুই বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আটটি দলের মধ্যে ইংল্যান্ড ও পাকিস্তান ছাড়া বাকি ছয় দলই এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে। ২০০২ সালে ভারত ও শ্রীলঙ্কা অবশ্য যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। নিখাদ ক্রিকেটপ্রেমীদের কাছে টেস্ট ক্রিকেটের অবদান এখনো অটুট। অন্যদিকে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে টি-টোয়েন্টি ক্রিকেটের। তবে ‘ফর্মুলা’ অনুযায়ী ব্যাটিং ও রক্ষণাত্মক বোলিংয়ের কারণে ওয়ানডে ইদানীং কিছুটা হলেও নিষ্প্রভ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও পাকিস্তানের সাঈদ আজমলের মতো কুশলী বোলারদের উপস্থিতি ১৮ দিনের টুর্নামেন্টটিকে প্রাণবন্ত হয়ে ওঠারই প্রতিশ্রুতি দিচ্ছে। ২৩ জুন এজবাস্টনে ফাইনালে জেতার ব্যাপারে বাজির দরে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, আর সবচেয়ে পিছিয়ে নিউজিল্যান্ড। তবে মার্টিন গাপটিলের দুটো অসাধারণ শতকে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারানোর পর এক্ষেত্রে নিউজিল্যান্ডের উন্নতি হতেও পারে। কখনো ওয়ানডের কোনো বড় টুর্নামেন্ট জিততে না পারা ইংল্যান্ড স্বাগতিক হলেও নিউজিল্যান্ডের কাছে হার তাদের জন্য অবশ্যই বড় আঘাত। হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলিয়ার এখন বড়ই দুঃসময়। এক সময়ের পরাক্রমশালী দলটি টেস্টের মতো ওয়ানডেতেও এখন বিবর্ণ। মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে ২৪৩ রানে হার মাইকেল ক্লার্কের দলের জন্য নিঃসন্দেহে বিরাট ধাক্কা। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস দলে নেই। তবু দারুণ ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে দক্ষিণ আফ্রিকা শিরোপার অন্যতম দাবিদার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলবে নতুন ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভোর অধীনে। এবারের আইপিএলে ৬৬ বলে ১৭৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলা ক্রিস গেইল যথারীতি ক্যারিবীয়দের প্রধান ভরসা। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত আইপিএল বিতর্ক পেছনে ফেলে শিরোপা জিততে উদগ্রীব। তবে তাদের চেয়েও বেশি মরিয়া পাকিস্তান। তিন বছর আগে ইংল্যান্ড সফরেই স্পট ফিক্সিং কেলেঙ্কারি তাদের ক্রিকেট-ভিতই নাড়িয়ে দিয়েছিল। শ্রীলঙ্কা দলের ভরসা শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং ‘এক্সপ্রেস’ বোলার লাসিথ মালিঙ্গা। সব মিলিয়ে জমজমাট ক্রিকেট-যুদ্ধের আশা করাই যায়।