২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়াপ্পন-রানধাওয়াসহ ৮ জনের জামিন

আইপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার গুরুনাথ মায়াপ্পন ও বিন্দু দারা সিং রানধাওয়া এবং ছয় জন বাজিকর জামিন পেয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মায়াপ্পন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান এন শ্রীনিবাসনের মেয়ের স্বামী এবং চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত।

রানধাওয়ার বাবা আরো বিখ্যাত, ভারতীয় কুস্তির প্রবাদপুরুষ ও বলিউডের বহু ছবির অভিনেতা প্রয়াত দারা সিং। রানধাওয়া নিজেও বলিউডের অভিনেতা।

মায়াপ্পন ও রানধাওয়ার ১৪ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার কথা থাকলেও মঙ্গলবার মুম্বাইয়ের একটি আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে তাদের একদিন পর-পর পুলিশের কাছে হাজিরা দিতে হবে। তাদের আইনজীবি তরুণ শর্মা জানান, “তারা ভারতের জুয়া সংক্রান্ত আইনে গ্রেপ্তার হয়েছিলেন। এটা জামিন যোগ্য অপরাধ।”

গত ২৪ মে মায়াপ্পন গ্রেপ্তার হওয়ার পর থেকে শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ভারতের ক্রিকেটাঙ্গন। রোববার বিসিসিআইয়ের এক জরুরি সভায় তাকে এক মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এই সময়ে বোর্ড প্রধানের দায়িত্ব পালন করবেন ভারতের ক্রিকেট প্রশাসনের সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত জগমোহন ডালমিয়া। বর্তমানে পশ্চিমবঙ্গ ক্রিকেট সংস্থার প্রধান ডালমিয়া বিসিসিআই ও আইসিসির সাবেক সভাপতি।