২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল-কাণ্ডে সাবেক ক্রিকেটারদের হতাশা

ম্যাচ পাতানোর সঙ্গে মোহাম্মদ আশরাফুলের নাম জড়িয়ে পড়ায় ভীষণ হতাশ জাতীয় দলের তিন সাবেক ক্রিকেটার ওয়াহিদুল গণি, রকিবুল হাসান ও ফারুক আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

ছোটবেলা থেকে আশরাফুলকে নিজ হাতে গড়ে তোলা ওয়াহিদুল বিধ্বস্ত, মর্মাহত। প্রিয় শিষ্যের কেলেঙ্কারি প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিসিবির আশরাফুলকে সাময়িক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। যদিও বিষয়টা এখনো আকসুর তদন্তাধীন। তাই এখনই আশরাফুলকে দায়ী করা ঠিক হবে না।”

“আমি আকসুর প্রতিবেদনের অপেক্ষায় আছি। সে অনৈতিক কাজের সঙ্গে জড়ালে আমি তাতে কিছুতেই সমর্থন জানাতে পারি না।” জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল বলেন, “সিদ্ধান্তটা আগেই আঁচ করা গিয়েছিল। আশরাফুলের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। আর সে-ও দোষ স্বীকার করেছে।” “অনেক দিন ধরেই সে আমাদের ক্রিকেটকে সমৃদ্ধ করে যাচ্ছে। তাই বেশ খারাপ লাগছে। তবে নিজের ভুল বুঝতে পেরে তার জাতির কাছে ক্ষমা প্রার্থনাকে আমি ইতিবাচক মনে করি। আশরাফুলের অনেক ভক্তও হয়তো ওর অপরিপক্কতা সহানুভূতির দৃষ্টিতে দেখবে।” আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগেরও বেশি কাটিয়ে দেয়ার পরও আশরাফুলের ‘অপরিপক্কতা’য় ভীষণ হতাশ আরেক সাবেক অধিনায়ক ফারুক । তিনি বলেন, “ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার এমন আনাড়ির মতো কাজ করলে কিছুই বলার থাকে না। ফ্র্যাঞ্চাইজি মালিক অনেক কিছু করতে বলতে পারে। কিন্তু প্রত্যেককে দেখতে হবে তারা অনৈতিক কিছু করতে বলছে কিনা। তেমন কিছু করতে বললে অবশ্যই এড়িয়ে যেতে হবে। কিন্তু আশরাফুল তা করতে সম্পূর্ণ ব্যর্থ। সেজন্য তার অপরিপক্কতাকেই দায়ী করবো আমি।”