২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন রংপুর

ষষ্ঠ মহিলা জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে রংপুর। শনিবার ফাইনালে গত চার বারের চ্যাম্পিয়ন খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৪৯ ওভারে নেমে আসা ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৯ রান করে খুলনা।

সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক সালমা খাতুনের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন শুধু তুলিকা দাস (অপরাজিত ১৫)। অতিরিক্ত থেকে আসে ১৯ রান।

রংপুরের পক্ষে পবিত্র রায়, ডলি রানী, তিথি রানী ও সাথিরা জাকির দুটি করে উইকেট নেন।

জবাবে টুম্পার অপরাজিত ৫৪ এবং ফারজানা হক পিঙ্কির ৩২ রান ৪৬ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছে দেয় রংপুরকে।

২২ রানে ৩ উইকেট নিয়ে শায়লা শারমীন খুলনার সেরা বোলার।

টানা পঞ্চম শিরোপা জিততে ব্যর্থ হলেও ব্যক্তিগত সব পুরস্কারই খুলনার ঘরে উঠেছে। ১৮১ রান করে ও ২৬ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় শায়লা। সবচেয়ে বেশি উইকেটও তার। ৩০৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক সালমা।