২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসিআই সচিবের পদত্যাগ

আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাজেহাল ভারতের ক্রিকেটাঙ্গনের জন্য আরো আঘাত। শুক্রবার পতদ্যাগ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব সঞ্জয় জাগদালে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অজয় শির্কেও দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

জাগদালে জানিয়েছেন, বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের মেয়ের স্বামী গুরুনাথ মায়াপ্পন, ইন্ডিয়া সিমেন্ট ও রাজস্থান রয়্যালসের মালিক পক্ষের স্পট ফিক্সিং সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের জন্য গঠিত তিন সদস্যের কমিটিতেও তিনি থাকবেন না।

২০১১ সালের সেপ্টেম্বরে শ্রীনিবাসন সভাপতির দায়িত্ব নেয়ার সময় বিসিসিআইয়ে যোগ দেয়া জাগদালে বলেন, “বিসিসিআইয়ের সচিবের পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আমি অত্যন্ত আহত বোধ করছি। আমার জায়গায় নতুন কেউ এসে দায়িত্বটা নিক।”

শির্কে আগের দিনই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, স্পট ফিক্সিং ইস্যুতে বিসিসিআইয়ের ভূমিকা তার পছন্দ হচ্ছিল না। তিনি বলেন, “হ্যাঁ, এটা সত্যি যে আমি পদত্যাগ করেছি। পদত্যাগের কারণ আগেই জানিয়েছি। এ নিয়ে আর কিছু বলতে চাই না।”