২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুটের শতকে ইংল্যান্ডের স্বস্তি

জো রুটের প্রথম শতকে নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার হেডিংলিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৩৭ রান করেছে ইংল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 10:49 AM

টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের (২৮) সঙ্গে অধিনায়ক অ্যালিস্টার কুকের (৩৪) ৫৪ রানের ভালো জুটির পরও প্রথম সেশনে ৬৭ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি।

ইয়ান বেলের (৩০) সঙ্গে ৭৯ ও জেনি বেয়ারস্টোর সঙ্গে ১২৪ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে ৪ উইকেটে ২৭০ রানের দৃঢ় অবস্থানে নিয়ে যান ষষ্ঠ টেস্ট খেলতে নামা রুট।

দ্বিতীয় নতুন বলের প্রথম তিন ওভারে একটি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে খেলায় ফেরান ট্রেন্ট বোল্ট। তিন ব্যাটসম্যানই ফেরেন ব্রেন্ডন ম্যাককালামের ক্যাচে পরিণত হয়ে।

৮১তম ওভারের প্রথম বলেই রুটকে (১০৪) বিদায় করে বিপজ্জনক পঞ্চম উইকেট জুটি ভাঙ্গেন বোল্ট। রুটের ১৬৭ বলের ইনিংসে ৯টি চার।

ঘরের মাঠে রুট প্রথম শতকের দেখা পেলেও অর্ধশতকে সন্তুষ্ট থাকতে হয়েছে বেয়ারস্টোকে (৬৪)। পরের ওভারে ফিরে শূন্য রানে স্টুয়ার্ট ব্রডকে ফেরান বোল্ট।

গ্রায়েম সোয়ানকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন প্রথম টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে ফেরা ম্যাট প্রায়র। অষ্টম উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া প্রায়র ৩৮ ও সোয়ান ২১ রানে অপরাজিত।

৪৮ রানে ৩ উইকেট নিয়ে বোল্ট নিউজিল্যান্ডের সেরা বোলার।

এর আগে বৃষ্টির তাণ্ডবে পরিত্যক্ত হয় প্রথম দিনে খেলা পরিত্যক্ত হয়। প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৩৭/৭ (কুক ৩৪, কম্পটন ১, ট্রট ২৮, বেল ৩০, রুট ১০৪, বেয়ারস্টো ৬৪, প্রায়র ৩৮*, ব্রড ০, সোয়ান ২১*; বোল্ট ৩/৪৮, উইলিয়ামসন ১/৪৯, সাউদি ১/৭২, ওয়াগনার ১/৭৩, ব্রাউনলি ১/৮৩)।