২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির প্রতিবেদনের অপেক্ষায় বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সন্দেহজনক ম্যাচ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

বিসিবির অ্যাডহক কমিটির সদস্য জালাল ইউনুস বলেন, “বিপিএলের একটা খেলা নিয়ে সন্দেহ হওয়ায় আকসু কর্মকর্তারা এসেছেন। তাদের কাছ থেকে কিছু না জেনে বিসিবি কোনো মন্তব্য করবে না। আমরা আইসিসির প্রতিবেদনের অপেক্ষায় আছি।”

“বিপিএল চলার সময় আমাদেরকে দেয়া আকসুর প্রতিবেদনে কোনো কিছু ছিল না। তবে কোনো খেলা নিয়ে তাদের সন্দেহ থাকলে তারা পরেও তদন্ত করতে পারে। আইসিসি তাদের পাঠিয়েছে। এ ব্যাপারে বিসিবির কিছু জানার কথা নয়।”

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস আরো বলেন, “বিসিবি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। নইলে বোর্ড আকসুর পেছনে টাকা খরচ করতো না। তারাই ব্যাপারটা সামলাবে, এখানে কোনো সমস্যা থেকে থাকলে তাদেরই সেটা জানার কথা।”

আইপিলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে বাংলাদেশের কোনো ক্রিকেটারের যুক্ত থাকার অভিযোগ সঠিক নয় জানিয়ে তিনি বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আমাদের এমন কিছু বলা হয়নি। কেউই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কিছু জানানোর আগ পর্যন্ত আমরা নিজ থেকে কিছু করবো না।”