২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের আরেকটি ‘লজ্জা’

আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তাদের তিন ক্রিকেটার গ্রেপ্তার। তার ঠিক পর দিন খেলতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ২৩ রানে হেরে গেছে রাজস্থান রয়্যালস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 07:00 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

এই জয়ে নবাগত হায়দ্রাবাদের শেষ চারে ওঠার সম্ভাবনা আরো উজ্জ্বল। ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত তারা চতুর্থ স্থানে আছে। ১৬ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ঠিক পরেই।

শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ ২২ পয়েন্ট। চেন্নাই সুপার কিংসেরও ২২ পয়েন্ট, তবে নিট রান রেটে পিছিয়ে আছে তারা। এই চারটি দলেরই আর একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচ খেলে ফেলা রাজস্থানের পয়েন্ট ২০।

হায়দ্রাবাদের জয় শেষ চারের আশা শেষ করে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জেমস ফকনারের দুর্দান্ত বোলিংও জয় এনে দিতে পারেনি রাজস্থানকে।

১৬ রানে ৫ উইকেট নেয়া ফকনারের তোপে ৯ উইকেটে ১৩৬ রানে থেমে যায় হায়দ্রাবাদ। বিপ্লব সামান্ত্রে (৪৬ বলে ৫৫) ও ড্যারেন স্যামি (১৯ বলে ২৩) ছাড়া স্বাগতিক দলের আর কোনো ব্যাটসম্যান সুবিধা করে উঠতে পারেননি।

জবাবে শুরুতে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দৃঢ়তা (২৪ বলে ২৫) এবং শেষ দিকে কেভন কুপারের (১২ বলে ২৬) ঝড়ো ব্যাটিংও জয় এনে দিতে পারেনি রাজস্থানকে। প্রতিপক্ষের মতো ৯ উইকেট হারালেও ১১৩ রানেই তাদের ইনিংসের সমাপ্তি।